দুঃখরা এসেই পালাই পালাই করে।
কেন ? অত কিসের তাড়া ? পরে
না গেলেই চলছিল না ? আর একটু
হৃদয় সামিয়ানার নীচে বসলে
ক্ষতি কি ছিল ? তেপান্তরের বালির ধারে ব্যঙ্গমা-ব্যঙ্গমীর গল্প শুনতে
এতই সখ ? আমার মনখারাপের
শীতলপাটিতে কি শুধুই রক্ত-দাগ ?
তাড়াহুড়োর ডানার সওয়ার না হলে--
নিজের মনে চোরাবালির অতল টানে বসতে দিতাম।
চোখের জলে নিচোর হয়ে ভিজিয়ে নিতাম।
সবহারানোর গুমরে ওঠা অথৈ নোনায় ডুবিয়ে নিতাম ।
অবহেলার নীল-রাঙা তীর তোমার
তাওয়ায় সেঁকতে দিতাম।
অন্যকারোর উপস্থতির গোপনজ্বালা তোমার বিষে পুড়িয়ে নিতাম।
একটু না হয় শূন্য হতাম !
একটু না হয় প্রত্যাখানের গন্ধ নিতাম।
ভালোলাগার বিষেরজ্বালার স্পর্শ নিতাম।
ভালোবাসার অমোঘ দুঃখের মৃত্যু পেতাম।
এইটুকুতেই ভয় পেয়ে পালিয়ে বাঁচলে ?
কষ্টটুকুও আমার থেকে ছিনিয়ে নিয়ে সুখ তাড়ালে ?
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



