গাড়ি, বাসস্ট্যান্ড আর আকাশের মাঝে
শরীর জুড়ে একআকাশ নীল।
এত স্নিগ্ধ নীলিমায়
আকাশও তার নিজের মত করে ম্লান।
বলতে গেলাম- তাচ্ছিল্যের ভঙ্গিতে হাত নেড়ে
ঝেড়ে ফেলে দিলে স্তাবকতা।
সামনে দাঁড়ানো তোমার দৃষ্টিতে ভিজতে গিয়ে
না বলতে পারা কথাগুলো দূর থেকে তোমায় শোনাব ভেবে-
নতুন রঙে সাজিয়ে দূরাভাষের বাজনা বাজালাম,
তুমি তখন-
নিজের স্বপ্নে বিভোর হয়ে
ব্যস্ততার অজুহাতে
অবহেলায় নিজেকেই নিয়ে গেলে দূরে,
আর অপ্রকাশিত শব্দগুলো
কষ্টের রঙে বেজে উঠল আমারই কাছে।
নিজেকে অবলীলায় সরিয়ে নেবার ক্ষমতা
কি করে অর্জন করতে হয় বুঝি না,
দুর্বোধ্যতার সীমা পেরিয়ে শুধু বুঝতে পারি-
তুমি থেকেও নেই , না থেকেও আছ--
ভীষণ ভাবে আছ।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



