মহানন্দা নদীর কোলে ছোট্ট বাঁশের ঘাট
মাথার উপর চামর দোলায় পিপুল বাবুল বাঁশ
বৃষ্টি ঝরা দুপুর বেলা নিঝুম খোলা চুল
সেই চুলেরই গন্ধ মেখে ছেলেটি মশগুল।
নদীর জল উথাল-পাথাল পায়ের নীচে ঢেউ
বাঁশের মাচান আকুল হয়ে দুজনারেই সয়
চোখের তারায় এক লহমায় হারিয়ে গেল কেউ
নদীর গহীন হার মানানো অপার বিস্ময়।
সূর্য ওঠে, পৃথিবী ঘোরে, যান্ত্রিকতার চাকা ঘোরে
আদিম গোপন নীরবতা বৃথাই শুধু ডুকরে কাঁদে
তারার মাঝে হারিয়ে যাওয়া, তারার মাঝে তাকে পাওয়া
অস্ত আলোর গতির স্রোতে ফিকে হল তার এ চাওয়া।
যা ছিল তা সুদূর এখন,
স্বপ্নে শুধু খুন মাখা তূণ
বেহাগ কেবল গুমরে ডাকে,
ফিরে পাওয়ার নিশির ঝোঁকে।
বেবাক ভুলে নিশিও তাকে
আছড়ে ফেলে মাঝদরিয়ায়
বৃষ্টি ভেজা দুপুর তাকে
ঝাপসা হয়ে স্মৃতির ছবি আঁকায়।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



