তুমি আসবে বলে
একটি সম্পূর্ণ বিকেলকে আমি
কাঠের সিঁড়িতে
দাঁড় করিয়ে রেখেছিলাম,
তুমি আসবে জেনে
আকাশের নীল নগ্নতাকে
কালো সন্ধ্যার চাদরে
মুড়িয়ে রেখেছিলাম।
তুমি বসবে বলে
চাঁদের নরম আলোকে
ঘাসের শিশিরে
বিছানা পেতে দিয়েছিলাম।
তুমি আসবে প্রত্যয়ে
হৃদয়ের মুখগুলোকে
একআকাশ তারার মাঝে
আগ্নেয়গিরির মতো খুলে দিয়েছিলাম।
তুমি বসবে বলে
বুকের মধ্যে সুখের পালকগুলো
পাট পাট করে
শীতলপাটি বুনেছিলাম।
ভুল করেছিলাম।
ভুল ভেবেছিলাম।
তুমি এলে,
তুমি বসলে।
বিকেলের রাঙা আলোয় নয়
গোধূলির রক্ত-সন্ধ্যায়।
আঁধারের চাদরের ওমে নয়
প্রত্যাখানের দৃঢ় ব্যস্ততায়।
ভালোলাগার জোছনায় নয়
হিসেবের রূঢ় বাস্তবতায়।
ভালোবাসার নরম মমতায় নয়
রক্তঝরা হৃদয়ের গভীর বেদনায়।
সুখের বিবশতায় নয়
যন্ত্রণার কঠিন আশ্লেষ মগ্নতায়।
অবুঝ আমি বুঝিনি তখনো
পবিত্রতা শুধু এক চরম বোকামি,
চাওয়া-পাওয়ার হিসেব মেলানো-
ভালোবাসা সে এক বিষম ন্যাকামি।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



