
"আমার যত কল্পনা তোমার কপোলকল্পিত আলপনা"
কিছু সময় শব্দহীন হয়ে যাই। মনে হয় মাথার মধ্যে পুরো একটা আকাশ। যার সর্বস্ব জমিয়ে রাখা আছে টেবিলে পড়ে থাকা ওই নীল খামে।
ঝুল বারান্দা, শিউলি ভরা উঠান, ভোরের কুয়াশা আর রোদেলা বিকেল আলগোছে রাখা আছে সবই। ভোরের কুয়াশা ভেজা চড়ুই পাখি আজো তোমার জন্য রোদ নিয়ে আসে।
অগোছালো বিছানায় এখনো খুঁজে পাওয়া যায় গুটি কতক ভাঙা কাঁচের চুড়ি। দলিল হয়ে আছে আমার প্রশস্ত বুকে সুখ খুঁজে নেওয়া রাতের।
ঘরকোণে জন্ম নেওয়া হাহাকার গুলো গুরুত্বহীন ইতিহাস। সন্ধ্যাপ্রদীপে আজ বড় যত্ন দেই। মনের সুরঙ্গে আজ তোমার ফিরে আসার অপেক্ষায় হেমলকের বিষ অমিয় হয়ে গেছে।
বিলাসিতা করার সামর্থ্য তোমার অপেক্ষায় থাকা সন্ধ্যামালতির ঘুমহীন দুপুরের জন্য লুকিয়ে রেখেছি। লুকিয়ে রেখেছি প্রিয় কবিতার খাতা আর সব তুমিময় মুহূর্তদের।
কবিতার মতো ভালোবাসা জমিয়েছি তেলচিটে বালিশের নিচে। রোদেজলে ভিজে পুড়ে জুবুথুবু হয়ে আছে বুকপকেটে। এরপর যেদিন দেখা হবে। ওই কাজল কালো চোখে বর্ষণ হবার আগেই তুলে দেবো সব ওই দু হাতে। জমানো শ্বাস ফেলে ওই চোখের জল মুছিয়ে আলতো করে ছুঁয়ে দেবো তোমার গাল। অবাধ্য চুলগুলো সরিয়ে চোখে চোখ রেখে বলবো।
- ভাবছি।
- কি?
- ভাবছি এখন থেকে ত্রিশ চল্লিশ বছর পর এই মুখটাতে বলি রেখা পরলেও কি এখনকার মতো ভালোবাসতে পারবো?
লাজুক রাঙা তোমার কপাল চুমে
আমার যত কল্পনা তার সব অধিকার আজ তোমায় দিলাম।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




