নাম তার মোনতার মা। ছোট বেলা এই একজনকেই সবচেয়ে বেশি ভয় পেতাম। কোন সময় খেতে না চাইলে, গোছল করতে না চাইলে কিংবা স্কুলে যেতে না চাইলে মা ও বড় বোনেরা এই মোনতার মায়ের ভয় দেখাতেন আমাকে। উনারা কেবল বলতেন, মোনতার মাকে ডাকি তাহলে। ব্যাস, ভয়ে সুড়সড় করে রাজি হয়ে যেতাম সব কাজে। গপ গপ করে খেয়ে শেষ করতাম, ঠাণ্ডা পানিতে গোছল সারতাম শীতকালে, আর দৌড়ে স্কুলে চলে যেতাম। এমনই ভয় ছিল মোনতার মায়ের প্রতি।
বোনেরা বলল, মোনতার মা নাকি বাচ্চাদের কল্লা ছিঁড়ে রক্ত খায়। আমি বিশ্বাস করতাম। কেননা, মোনতার মায়ের ঠোঁট ছিল টকটকে লাল। এখন বুঝি ওটা ছিল পানের রং, রক্তের নয়।
মোনতার মা ছিল মহল্লার বিখ্যাত পাগলী। বেশির ভাগ সময় সে পাগল থাকত না, সুস্থ থাকত। বাসায় আসত। তাকে আসতে দেখলেই উঠোন ছেড়ে গিয়ে লুকাতাম খাটের নিচে। ওখান থেকেই দেখতাম, সে এসে বারান্দায় বসত। আমার মা ওকে খেতে দিত। ও নীরবে বসে খেত । খাবার পরে পান চাইত। মুখ লাল করে পান খেয়ে সে বিদায় নিত। একটা ভয়ের পাথর নেমে যেত আমার বুক থেকে।
মাঝে মাঝে মোনতার মা আসত অন্য চেহারায়। চুল উস্কোখুস্কো। শাড়ি এলোমেলো। হাতে বড় বড় আধলা। ঢিল ছুঁড়ত মোনতার মা। আর লোকজন ভয়ে ছুটে পালাত। কেউ কেউ মজা পেত, তাকে আরও ক্ষেপানোর চেষ্টা করত।
একবার মোনতার মা আমাদের বাড়ি আক্রমণ করেছিল। সে অবিরাম ঢিল দিয়ে যাচ্ছিল। আমরা দরজা জানালা লাগিয়ে ভয়ে কাঁপছিলাম। এক সময় আর ঢিল না পেয়ে সে নিজেই চলে যায়। মা প্রতিজ্ঞা করেছিলেন, ওকে আর খাবার দেবেন না। কিন্তু সেই প্রতিজ্ঞা মা রাখতে পারেন নি।
সেই সময়ে মানুষ হাসি ঠাট্টা করত মোনতার মাকে নিয়ে। সহ্য করত মোনতার মায়ের নানা অত্যাচার। আমার কাছে মনে হয়, এখন যদি মোনতার মা বেঁচে থাকত, মানুষ তার এই সব মধুর অত্যাচার সহ্য করত না।
রাস্তায় মাঝে মাঝে পাগল দেখি। তখনই মনে পড়ে যায় মোনতার মায়ের কথা। ভাবি, একটি মাত্র মানব জন্ম আমাদের। সেই জন্মটা পাগল হিসেবে কাটিয়ে দেয়া খুবই দুঃখের ব্যাপার।
আমার এক ভাগিনা বুদ্ধি প্রতিবন্ধী। ওকে নিয়ে ঢাকার বিভিন্ন মানসিক হাসপাতালে যাওয়ার অভিজ্ঞতা আমার হয়েছে। বুঝেছি, বুদ্ধি প্রতিবন্ধীদের পাগল বলতে নেই। পাগল বলে আসলে কেউ নেই, ওরা বুদ্ধি প্রতিবন্ধী। সময় মতো ওদের চিকিৎসা হলে পরিচর্যা হলে হয়তো ওদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু পাশাপাশি দেখেছি, আসলে বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য তেমন কিছু করার নাই। যাদের টাকা আছে, তারা এই সব বুদ্ধি প্রতিবন্ধীদের বাসায় রাখতে পারে, চিকিৎসা করতে পারে। কিন্তু অভাবী মানুষরা বুদ্ধি প্রতিবন্ধীদের চিকিৎসা করতে পারে না। এক সময় তারা পুরোপুরি পাগল হয়ে যায়। তাদের অত্যাচারে অতিষ্ট হয়ে পরিবারের লোকজনই এক সময় রাস্তায় ছেড়ে দেয়। পাগল হয়ে ওরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়।
অথচ রাষ্ট্রের বা সামাজিক সংগঠনগুলোর কত কিছুই না করা উচিত ছিল ওদের জন্য, ওদের পুনর্বাসনের জন্য। কিন্তু কেউ কোন দিন ওদের কথা ভাবে না। একটি মাত্র মানব জন্ম ওরা কাটিয়ে দেয় রাস্তায় রাস্তায় পাগল হিসেবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


