বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান
৭০-এর দশকে সমাজতন্ত্র খুবই জনপ্রিয় একটা ধারণা ছিল, এমনকি পাকিস্থানের পিপলস পার্টির ভুট্টোও তাঁর অর্থনৈতিক কর্মসূচি সমাজতান্ত্রিক হবে বলে ঘোষণা দিয়েই নির্বাচন করেছিলেন । বাংলাদেশের চীনাপন্থী সমাজতন্ত্রীরা বিশ্বাসই করতে পারেন নি যে শেখ মুজিবুর রহমানের মতো গণতন্ত্রপন্থী নেতার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হতে পারে । কারণ, তিনি বিপ্লবী ছিলেন না ।
এই চীনাপন্থীদের অনেকেই দেশ স্বাধীন হওয়ার পরেও তাঁদের দলের নাম বদলান নি । ১৯৭৫-এ বঙ্গবন্ধুর অবর্তমানে সমস্ত আওয়ামীলীগ - বিরোধীকে নিয়ে জিয়াউর রহমান যে বিএনপি গঠন করেন, তাতে যেমন রাজাকারদের ঠাঁই হলো, তেমনি তার একটা বড় অংশ জুড়ে রইলেন চীনাপন্থী বামপন্থীরা ।
আওয়ামীলীগ ছিল প্রধানত কৃষকের দল । বিএনপি হলো সামরিক-বেসামরিক আমলা, ব্যবসায়ী ও শিল্পপতিদের দল । চাল-চলনে জিয়াউর রহমান ছিলেন আধুনিকতর, তিনি ব্যান্ডসংগীতে পৃষ্ঠপোষকতা করেন, শিশুপার্ক নির্মাণ করেন এবং টেলিভিশনকে রঙিন করেন । দেশের তরুণ সমাজ সেই সময় বিএনপি ও জিয়ার প্রতি আকৃষ্ট হতে লাগল । স্ববিরোধীতায় আক্রান্ত জিয়া ধর্মভিত্তিক রাজনীতির দুয়ার খুলে দিলেন, আবার গোলাম আযমের বিরুদ্ধে জেলায় জেলায় প্রতিরোধ গড়ে তোলার আন্দোলনে মুক্তিযোদ্ধাদের উসকে দিলেন ।
বিএনপি যে জনপ্রিয়তা পেয়েছিল, তার মূলে ছিল তারা আওয়ামীলীগের চেয়েও আধুনিক ও প্রগতিশীল বলে নিজেকে পরিচিত করাতে পেরেছিল তরুণদের কাছে । এমনকি খালেদা জিয়া যে ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হলেন, তাও তাঁর এরশাদবিরোধী আন্দোলনে আপসহীনতার ভাবমূর্তির কারণেই । প্রখ্যাত সাহিত্যিক আহমদ ছফা বলেছিলেন, "আওয়ামীলীগ যখন নির্বাচনে জেতে একা জেতে, কিন্তু যখন হারে সারা বাংলাদেশ হারে ।" কারণ, এই দলের কাছে জনগনের চাহিদা বেশি । দল যখন চাহিদা যখন পূরণ করতে ব্যর্থ হয়, তখন জনগনের নিরাশ হওয়া ছাড়া কিছু করার থাকেনা ।
হুমায়ুন আজাদ বলেছিলেন, "আওয়ামীলীগ যার প্রতিদ্বন্দ্বী, নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য তার কিছু করার দরকার পড়ে না ।" বড় পরিতাপের বিষয় এই, আওয়ামীলীগ জনগনের চাহিদা পূরণ করতে পারছে না । জনগন এই দলের বিকল্প খুঁজছে । সোহরাওয়ার্দী, মুজিবের আওয়ামীলীগ এখন আর নেই । যেটা আছে, সেটা দুর্নীতিবাজদের, লুটেরাদের । আওয়ামীলীগ দুর্নীতিগ্রস্ত, কিন্তু তার বিকল্প বিএনপি নয় । আওয়ামীলীগ যুদ্ধাপরাধের বিচারের প্রশ্নে দ্বিধাগ্রস্ত, কিন্তু তার বিকল্প বিএনপি নয় । আওয়ামীলীগের বিকল্প হতে পারে আরও প্রগতিশীল, আরও আধুনিক, আরও দক্ষ একটা রাজনৈতিক দল । আমরা সেই দলেরই পথ চেয়ে আছি ।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




