একদিন পুকুরের পাশ দিয়ে হাটতেই প্রায় দশ বছর পর স্যারকে দেখলাম।
সালাম দিতেই জিজ্ঞালেন- কি লেখা পড়া শেষ করেছো?
-মাস্টার্স শেষ করেছি এমফিল পিএইচডি বাকি স্যার।
পড়েছো কি মাথার জোরে নাকি টাকার জোরে?
-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে।
এখন কি দুই পা নাকি চার পা?
-বউ পড়েছে ঢাবিতে রাষ্ট্রবিজ্ঞানে।একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করছে।
পকেট ঠান্ডা নাকি গরম থাকে?
-মাঝেমাঝে ঠান্ডা আবার মাঝে মাঝে গরম স্যার।
যখন গরম থাকে প্রতিষ্ঠানের উন্নয়নে কিছু দিস।
-ঠিক আছে চেষ্টা করবো। দোয়া করবেন স্যার।
স্যার থেকে বিচ্ছিন্ন হতেই আমার সাথে থাকা বন্ধুর চক্ষু যেন চরকগাছ! সে আমাদের কথোপকথনে খুব অবাক হয়ে জিজ্ঞাসা করল-স্যার কি জানতে চাইলো আর তুই কি জবাব দিলি কিছুই বুঝলাম না।আমরা ছোটবেলায় স্যারের কথা যেমন অনেক সময় ঠিক বুঝে উঠতে পারতাম না;বন্ধুর সেই দশা দেখে বেশ মজা পেলাম।বললাম-পড়েছো কি মাথার জোরে নাকি টাকার জোরে?-এর মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে নাকি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। এখন কি দুই পা নাকি চার পা?-এর মানে আমি কি বিবাহিত নাকি অবিবাহিত।পকেট ঠান্ডা নাকি গরম থাকে?-মানে আয়রোজগার কিছু করি নাকি বেকার।যখন গরম থাকে প্রতিষ্ঠানের উন্নয়নে কিছু দিস।–মানে আয়রোজগার ভাল হলে প্রতিষ্ঠানের ফান্ডে টাকা পয়সা অনুদান দিতে বললেন। আমার স্যারের প্রশ্ন আর আমার ব্যাখ্যা শুনে বন্ধুতো অবাক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



