মাছির চোখের মত আকাশের তলে
লাউয়ের ডগায় বসা টুনটুনির দোলা;
পাশেই পঞ্চম বর্ষীয়া চোখের নাচন-
ফিক্ শব্দের হাসির ছোঁয়ায়
দাগ পড়ে যায়
ভদ্র আকাশের গায়।
টুনটুনির চঞ্চুতে সজীব- সবুজ লাউয়ের ডগার
তুলতুলে সাদাপোকা হাত-পা ছোঁড়ে কান্না করে।
কান্নায় পাতা নড়ে না;
শুধু মৃত্যুঞ্জয়ের বউ পোয়াতি হয়।
তারও আগে পরিখা খুঁড়েছিলাম কালো মেঘের বুকে-
স্বর্গবাণিজ্যে জাহাজ ভাসাতে হবে।
"হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না"- তাই
সাদাপোকাদের কান্না শুধু প্রসববেদনাই তোলে।
নিচ থেকে মাঝে মাঝে মেঘে দানবাকৃতি দেখি
আকাশের তলে আকাশ;
পাতার তলে পোকা-
আমাদের পার্শ্বউড়াউড়ি।
সবার উপরে কি বসে আছেন দানব সওদাগর?
কে বসে আছেন? কে?
কানে বাজে পোকার চিৎকার?
কে কাৎরায় ওখানে? পরিখায়?
দেখতে গিয়ে দেখি স্বর্গ উড়ে যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



