এক দমকায় খসিয়ে দিস্ আমার বোঁটা!
কিভাবে তুই বাতাস হ'লি?
বাতাস কি আর মনে রাখে সকল পাতা?
ঝরার কালে তোরে দেখি- আমি এমন পাতা|
প্রথম আমি পিঠ দেখিলাম- ঝরার কালে;
আমার প্রথম রূপ দেখিলাম- তোর কপালে|
প্রথম আমি শেষ দেখিলাম|
তুই কিভাবে বাতাস হ'লি?
ছন-ইকরের তীক্ষ্ণ ফলা তোর চিবুকে কে বুলালো?
তোর কপালের উল্টো পিঠে রুপালী রং কে লাগালো?
আমায় আমার রিয়্যাল বিম্ব; কোন দরদী- কে দেখালো?
স্বচ্ছ পুকুর ঢাকা আছে খুদপানাতে;
তুই যেভাবেই বাতাস হ'লি- ধূলির চাওয়া।
আমি আমার মন দেখিলাম-চরম পাওয়া!
আমি এখন বৃষ্টি গায়ে তুমুল দুখি বেদের ঝুপড়ি-
জল বরাবর সাপের খেলা;
আমি এখন তোর ছোঁয়াতে ঘোর একেলা।
তুই তাহলে বাতাস হ'লি!
"আমন ধানের পাতা দিয়ে উড়বে যখন;
আমার টানে জলের উপর আটকে র'বে সকল পলক
দেখবে তখন;
কোঁচের নিচে প্রাণ হারানো প্রবল তেজের টাকির ঝলক।"
ধানফড়িংয়ের কোমল ডানায় নাজেল হলো এক আত্মবাণী।
তুই তখনও বাতাস র'বি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



