
একটু কাগজ আর কলম দাও-
কিছু কথা লিখে রাখবো,
কিছু মূহুর্তকে ধরে রাখবো ,
কিছু মানুষের অবয়ব আঁকবো কালিতে;
একটু কাগজ আর কলম দাও।
অন্ধকার কেটে জেগে উঠা ভোরের আলোর গপ্প -
পাখিদের কলকাকলি, সূর্যোদয় কিছুই বাদ যাবে না,
লিখে রাখবো কাগজে ;
শুধু একটু কাগজ আর কলম দাও।
দুপুরের তপ্ত রোদে রিক্সার পেডেল আর,
চালকের ঘাম ঝড়ে পরা তৃষার্ত মুখের অবয়ব-
আঁকবো সাদা কাগজে, রাঙ্গাবো কষ্টের তুলিতে ;
একটু কাগজ আর কলম দাও।
গোধূলি লগ্নে প্রেমিদের ভালোবাসার গল্প,
সন্ধ্যায় লোকাল বাসে ঝুলে ঘরে ফেরা মানুষের -
প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব সবই তুলে রাখবো কাগজে;
একটু কাগজ আর কলম দাও।
বৃদ্ধাশ্রমের প্রবীণ বাবা মায়ের কান্না, হাহাকার ,
সত্যি বলছি কিছুই বাদ দিবোনা,
পই পই করে তুলে রাখবো অনুজদের জন্য ,
একটু কাগজ আর কলম দাও !
নাগরিক জীবনের রোজ ঘটে যাওয়া ঘটনাগুলো -
খাতায় বন্দী করে রাখবো,
রেখে যাবো আগামীর তরে,
শুধু একটিবার,
একটু কাগজ আর কলম দাও !
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


