![]()
পরবাসিনী, তোমার বুকে বেড়ে ওঠা স্বপ্নগুলো ভোরের তারায় বিলাপ করে,
অন্য আলোকে, অন্য ভূবনে ছায়াপথের ঘূর্ণনে ক্লান্ত হয়ে ফিরে;
বাতাবী লেবুর গন্ধ মাখা অধরে এসে কষ্টরা তৃপ্ত হয়।
কামুক স্বর্ণলতাদের ভিড়ে হারিয়ে খুঁজেছো ভাতের করুণা,
ডিম্বাণুর নিষেক সেখানে ঘুম কাতুরে সান্তনা;
তোমার জন্য বড় বেশি মায়া হয় !
এখানে আমার শহর জুড়ে কাঁচের দেয়াল;
এখন আর শ্যাওলা জমে নোংরা হবার ভয় নেই আমার;
চাইলেই সূর্যকে ধারণ করে নিতে পারি ইচ্ছে ডানায় প্রদীপ করে।
রূপকথার অলিক কোন গল্পের সমাপ্তিতে,
তোমার নগ্ন পায়ে হেটে চলা পথের দিকে তাকিয়ে,
দীর্ঘশ্বাস ফেলা যুবকের ডুকরে ওঠার শব্দ শুনেছিলো বৈশাখী খরতা।
শুনেছি তোমার হরিণী চোখের অশ্রুর নাব্যতা হ্রাস পেয়েছে ক্রমাগত,
আবেগী শীতলতায় লুণ্ঠিত হওয়ার প্রত্যয় তবু আমাকে গ্রাস করছে প্রথাগত।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৫ রাত ১১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



