![]()
তারপর একদিন মাটির কান্নাগুলো দাম দিয়ে কিনেছিলাম,
নিকশ কালো আঁধারে অতিথির বেশে;
ছেঁড়া চাঁদের শহরে অ-ভালোবাসার রাজত্ব গড়বো বলে।
গোধূলির স্নিগ্ধতায় অপার্থিব তোমাকে;
একটু ছুঁয়ে দেখার নেশায় তখনো নিমজ্জিত আমি,
ফিকে রংধনুতে বিন্দু বিন্দু জমে থাকা শিশিরের চোখে ঠিকানা খুঁজেছি;
খুঁজেছি তোমাকে পূর্বাহ্ণ থেকে অপরাহ্ণ,
বাতাসের সাথে এলোমেলো ছায়াবিন্যাসে,
যেখানে আমাদের স্বপ্নকথনগুলো নীল পদ্ম হয়ে ফোটে,
বারান্দার কার্নিশ বেয়ে বেড়ে ওঠা সন্ধ্যামালতীর চোখে ঘুম,
এই ঘুম চেয়েছিলে বুঝি !
আস্থা হারানো মাদুলীর ভেতর ছত্রাক হয়ে এবার তবে ঘুমাও তুমি।
এখন আমার সময়গুলো কেটে যায়;
অগ্নিদগ্ধ আমার মানুষীর জীর্ণ শীর্ণ নগ্ন শরীরটাকে চুমু খেয়ে।
আকাশের করুনায় বিভোর নক্ষত্র তাকে করেনি ক্ষমা,
দেয়নি সমুদ্র হয়ে বেঁচে থাকার অহংকার।
এখনও ভোরের কল্লোলে পাখি ডাকে,
রোদেলা নুপুরের ছন্দে মাটি হাসে;
আর আমার মুঠোয় আঁকড়ে রাখা নোলকে তোমার ময়ূখ হয়ে রই,
জানি তুমি কাঁদবে বলে অবচেতনে।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৫ রাত ১১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



