
ঢাকাতে শীত আসি আসি করছে। সকালবেলা একটা স্নিগ্ধ কুল কুল অনুভূত হয়। হাতিরঝিল লেইকটা পার হয়েই আমার কর্মস্থল। পুরো শীতকালে আমি হাতিরঝিল পার্টে হেঁটে কর্মস্থলে যাতায়াত করি। ভালো লাগে। শরীর থেকে জল নামক স্বেদ পড়ে না (নাকি ঘাম নামক জল পড়ে না)।
রিক্সার পার্ট শেষ করে যখন হাতিরঝিল পার্ট ধরলাম, আমার সামনে পড়ে গেল এক কর্মজীবী নারী। তিনি আমার আগে আগে হাঁটছেন, আমিও হাঁটছি। কাঁধে লেডিস ব্যাগ আর হাতে দুপুরের খাবারের পোটলা। পোশাক-আশাক আর বেশভূষায় গার্মেন্টস কর্মী ভাবার কোন কারণ দেখছি না। আর গার্মেন্টস কর্মীরা এত বেলা করে কর্মস্থলে যায় না, তাদের কর্মজীবন শুরু হয় ভোর বেলায়। অনেকটা ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের মত।
কর্পোরেট অফিসের মহিলারা সাধারণত হেঁটে হেঁটে অফিসে যান না। কালেভদ্রে দু-একজনকে দেখা যায়। যেমন আজকে আমার সামনে যিনি পড়ে গেলেন। আমার স্বাভাবিক হাঁটার শৈলী মানে স্টাইল একটু দ্রুত। এটা নিয়ে বউয়ের সাথে প্রায় ঝামেলা হয়। কারণ তিনি হাঁটেন কচ্ছপ গতিতে! খরগোশ আর কচ্ছপের কাহিনী নিশ্চয়ই আপনাদের মনে আছে।
সামনে মহিলা আর আমার চোখ বারবার মহিলার পায়ের দিকে চলে যাচ্ছে। বিবেক আমাকে বারবার সতর্ক করছে। মনে পড়ে গেল নবী মুসা আ. এর একটি ঘটনা। দুই বোনের সাথে হেঁটে হেঁটে তিনি তাদের বাড়ি যাচ্ছিলেন। দুই বোন সামনে আর তিনি তাদের পেছন পেছন আসছিলেন। হঠাৎ কি মনে করে তিনি দুই বোনকে ওনার পেছনে যেতে বললেন আর তিনি সামনে হাঁটতে লাগলেন। উনিও কি সেদিন আমার মত সমস্যায় পড়েছিলেন? জানিনা।
সর্দি-কাশির প্রভাবে শরীর এমনিতেই দুর্বল। আমি আমার স্বাভাবিক গতিতে হাঁটতে পারছি না। আবার একটি মহিলা আমার সামনে সামনে হাঁটবে এটাও মেনে নিতে পারছি না। কষ্ট হলেও আমি হাঁটার গতি বাড়িয়ে দিলাম। হাঁপিয়ে উঠছি তবুও দ্রুত হাঁটতে লাগলাম কারণ লেডিস ফার্স্ট নীতি আমি মানি না। আমার কাছে পরহেজগারিতা আর নীতি-নৈতিকতা ফার্স্ট।
একপর্যায়ে মহিলা আর আমি সমানে সমান। হাতিরঝিলের পথচারীদের জন্য এ রাস্তাটা একটু সরু। আমি মহিলাকে ক্রস করতে যাব অমনি সামনে পড়ে গেলেন এক বয়বৃদ্ধ লোক। মহিলাকে পেছনে ফেলতে আমি ব্যর্থ হলাম। আবার দ্রুত হাঁটতে লাগলাম। এবং ঘামতেও লাগলাম। হঠাৎ খেয়াল করলাম মহিলাও তার হাঁটার গতি বাড়িয়ে দিয়েছেন। নারী থেকে তিনি কিশোরীর কাতারে চলে গেলেন! তিনি কি বুঝে ফেলেছেন যে আমি তাকে ক্রস করার চেষ্টা করছি! ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাস যখন দেখে যে আরেকটি বাস তাকে ক্রস করার চেষ্টা করছে তখন সে বাসটিও তার গতি বাড়িয়ে দেয়। শুরু হয়ে গেল আমার আর মহিলার মাঝে একটি অদৃশ্য প্রতিযোগিতা। আমি প্রাণপণ চেষ্টা করছি মহিলাকে ক্রস করার জন্য কিন্তু পারছি না। আজ যদি সুস্থ থাকতাম এবং আমার স্বাভাবিক গতিতে হাঁটতে পারতাম তাহলে কবেই তাকে পেছনে ফেলে দিতাম।
একটু পরেই আমাকে রাস্তা পার হতে হবে। আমাদের গতিপথ পাল্টে গেল। দুজন দু’দিকে চলে গেলাম। মহিলাকে হারানো গেল না। মাথায় স্কার্ফ থাকার কারণে মহিলাকে আমি দেখিনি। তিনি আমাকে চিনেন কিনা জানিনা। আমার সাথে এরকম আচরণ কেন করলেন তাও বুঝতে পারছি না। কিছু কিছু রহস্য না হয় অজানা-ই থেকে যাক।
সব জায়গায় জিততে হবে এমন কোন কথা নেই। কিন্তু আমার খারাপ লাগছে এই ভেবে যে একটি মহিলার সাথে আজ হেঁটে কুলিয়ে উঠতে পারলাম না।
শুনলাম আজকে নাকি লিহন প্রাইম নামক একজন ফেসবুকার গ্রেফতার হয়েছে। সে নাকি লেখার মাধ্যমে নাস্তিকতা ছড়িয়ে ধর্মকে হাওয়া করে দিচ্ছিল! আমি তার কয়েকটি লেখা পড়েছি। হাস্যকর ঠেকেছে। গ্রন্থবাজদের আমি বরাবরই তুচ্ছ তাচ্ছিল্য করে এসেছি। কারণ জ্ঞানীরা আমাদের বহু আগেই সতর্ক করে গেছেন এই বলে যে, গ্রন্থগত বিদ্যা আর পর হস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়ােজন। সুতরাং ছুঁচো মেরে হাত গন্ধ করে লাভ নেই। যারা করতে চায় করুক গে। তবে লেখার জবাব লেখা দিয়ে দেওয়া উচিত, পেশি দিয়ে নয়।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



