প্রকৃতির নিয়মে আমি আপাদমস্তক অবরুদ্ধ ,
জন্ম হতে ঝরা অবধি পচনশীল দেহে আবদ্ধ ,
মানব নামক প্রাণীর মাঝে স্বভাব নামক ব্যধি,
পানির মত প্রবাহিত হয় ছোঁয়াচে থেকে মহামারী,
সহজ সরল মানুষ যখন ধূর্তের সাথে চলে,
ধূর্তামি তার শিরায় বহে, ধূর্তের স্বরে কথা বলে,
শিশুসুলভ মানুষ যখন কয়েদখানায় বন্দি,
খুনীর কাছে রপ্ত করে মানুষ খুনের ফন্দি,
পশুপাখি ক্ষুধার্ত থেকে ছানার মুখে তুলে আহার,
মানব নামক প্রাণীর শুধু ভোগবিলাসের বাহার ,
শত মানবের সমাবেশ থেকে একজন স্বর্গগামী,
কেন তবে নরকবাসীদের সাথে দিনরাত কোলাকুলি?
প্রবৃত্তির সাথে লড়াইয়ে বীর প্রতিনিয়ত ব্যস্ত,
কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য,
সর্বনাশী কাম তাড়নায় লাঞ্ছনা নামক ব্যধি,
অতি উৎসাহী জন সেই তাড়নায় হারায় দুকূল সবই,
ক্রোধ যেন এক অগ্নিশিখা ছুটে ঊর্ধ্বমুখী ,
সেই উত্তাপে আঁখি বুজে নিজেই মরল পুড়ি,
চারপাশে লোভী মানুষ যেন গুপ্ত চোরাবালি,
যাই রাখো তাতে সব গিলে খায় হয়না উদরপূর্তি
মোহ মায়ার রঙীন তীর যদি আসে কভু ছুটে,
দূরদর্শী তখন আত্মরক্ষায় বিবেকের ঢাল পড়ে,
মদ তথা গর্ব দম্ভ কেবল প্রভুর শোভার আভরণ ,
সেই আভাতে দৃষ্টি নিক্ষেপ ধৃষ্টতা ও সীমালঙ্ঘন,
পরের ধনে নিজের জলে যার নাম মাৎসর্য,
নিয়তিতে যা বরাদ্দ আছে তাই নিজের ঐশ্বর্য,
হতাশা নামক বিষাদাগারে যেখানে সকলে রুগ্ন,
চৌকস সেখানে জ্ঞান আহরণে নিজেকে রাখে মগ্ন,
মাতৃগর্ভ থেকে যাত্রা শুরু মৃত্তিকার গর্ভে শেষ,
ক্ষণিকের এই পথে কেন হাসির বদলে ক্লেশ?
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



