ছুটন্ত ঘোড়া থেকে ছিটকে পড়েছি আজ
প্রাণ পাখি, শংকিত কি তুমি
এত যে শব্দে ভরে উঠছে পথ-ঘাট-মাঠ
যে আমি ফিরে পেল অনন্ত এক শ্বাস
তাকে কখনও কি চিনবে পৃথিবীর কোনো ঠিকানা
দূরত্বের ওপারে সবুজ হয়ে ওঠে ঘাস
নিজেরই বৃত্তে পড়ে থাকে জীবনের সব মাঠ
ভিন্ন ত্বকে এই যে বসবাস
প্রাণ পাখি,
এই হলো তোমার-আমার তৃতীয় সহবাস
চারপাশে গভীর ছড়ানো শেষ বিকেলের ডাক
আমি নয় অন্য কেউ সহ্য করছে তীরের আঘাত
যতবার নিজেকে ফিরিয়ে দিই অতীতের দাগ
পৃথিবীর সমস্ত সংকেত হয়ে উঠে বিধাতার হাত
এত যে সজাগ এইসব কীতাবের ভুল
এত যে নিশানা ভেদ করে সুদৃশ্য তীর
প্রাণ-পাখি, তুমি কি জানো
একটি পিতা মারা গেলে
কত অসহায় হয়ে উঠে পৃথিবীর মুখ
২৪.০৯.১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




