।। শকুন স্মৃতি ও অন্যান্য ।।
উপরে উঠতে ভয় করে
ক্রমশঃ প্রবল হতে থাকা শেকড়ের টান
কিছু কিছু সত্য জমা হয় মাটির গভীরে
প্রত্যহ এ কেমন শোকে
হৃদয় কণা বাষ্পীভূত হয় ত্বকের অগোচরে
কোনো ছায়াই যায় না বৃথা শুদ্ধ বাতাসে
চিরচেনা মুখের মতো মুখ একটু একটু করে
নিজের মুখের মতো নিষিদ্ধ হয়ে উঠে
সত্য জানার পর আমিও থাকতে চেয়েছি মাটিতে
অথচ ভারী হয়ে উঠা মাথার আকার
কবর স্বপ্নে বিভোর মানুষের দল
নিজেরই লাশ কাঁধে ফিরে ফিরে আসে
কালো মুদ্রার মতো হয়ে উঠে ত্বক
শুদ্ধ ধোয়ায় আড়ালে তীক্ষ্ণ হয়ে উঠা নখের প্রকার
এমন সময়ে নিচে নামতেও ভয় করে
পা পিছলে আয়ু বেড়ে যায় অনেক
তবুও ডাকতে থাকে প্রাচীন ত্বক
তবুও সজাগ হয়ে উঠে রাতের বেড়াল
কুকুর বিশ্বাসী প্রভুর মতো আমিও নিশ্চিন্ত মনে
দরজা খুলে দিয়ে
মাথার মধ্যে বাস করা শকুনটিকে বলি
জেগে থাকো, নতুন লাশেরা দুর্গন্ধ ছড়াবে
মাঝে মাঝে এমনও ঘটে
ধাতব পশুর মতো কবর খুঁড়ছি নির্বিকার মনে
যেসব শিশুলাশ আমি রাখতে দিইনি কবরে
রোজ তারা উড়ে বেড়ায় বিপথগামী দিকে
অনাকাঙ্খিত মড়কে উজাড় হয়ে যাওয়া গ্রাম
প্রিয় শরীর তোমারই ভয়ে
তোমাকেই ঢেকে রাখি নিত্য-নতুন ত্বকে
এভাবে একটু একটু করে
নিজেকে ক্ষয় করি দীর্ঘ হয়ে আসা জিভে
রোজ রোজ নিজেকে চিনে ফেলার ভয়ে
সজাগ পাহারায় জেগে থাকি শকুনের বেশে
যতদূর ঘুরে আসে দৃষ্টি অনেক উপর থেকে
প্রতিটি উর্ধ্বগামী ভীত মানুষের দল
নিজেকেই ছো মেরে তুলে নিয়ে যাবে বলে
কেমন দ্রুত লুকাতে থাকে মস্তিষ্ক কবরে…

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



