হলিউডের গোল্ডেন রাস্পবেরি অ্যাওয়ার্ডের (রেজ্জি) আদলে বলিউডে গোল্ডেন কেলা অ্যাওয়ার্ডের চল হয়েছে। চলচ্চিত্রে সবচেয়ে বাজে পরিবেশনা বা উপস্থাপনার জন্য এই পুরস্কার দেওয়া হয়। সম্প্রতি অষ্টমবারের মতো ‘গোল্ডেন কেলা’ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এ বছর বলিউডের সবচেয়ে বাজে ছবির উপাধি পেয়েছে ‘দিলওয়ালে’।
মুক্তির আগে থেকেই শাহরুখ-কাজল জুটির ‘দিলওয়ালে’ ছবি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। কিন্তু এ ছবি দর্শকদের তেমন সন্তুষ্ট করতে পারেনি। ‘বোম্বে ভেলভেট’, ‘তেভার’, ‘শানদার’, ‘সিং ইজ ব্লিং’ ছবিকেও পেছনে ফেলে এই ছবি নেতিবাচক দিক থেকে এগিয়ে আছে।
এ বছরের সবচেয়ে বাজে অভিনেত্রী হয়েছেন সোনম কাপুর, ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির জন্য। একই ছবির জন্য পরিচালক সুরুজ বরজাতিয়া ‘বাজে পরিচালক’-এর উপাধি পেয়েছেন।
সুরুজ পাঞ্চোলি এ বছর ‘সেরা নবাগত’ বিভাগে একাধিক পুরস্কার ঘরে তুললেও ‘গোল্ডেন কেলা’ কর্তৃপক্ষ তাঁকে বছরের সবচেয়ে বাজে অভিনেতা হিসেবে বিবেচনা করেছে।
‘সবচেয়ে অর্থহীন সিক্যুয়েল’-এর পুরস্কার পেয়েছে ‘এমএসজি-দুই’ ছবিটি।
মজার বিষয় হলো, ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির যে টাইটেল ট্র্যাক নিয়ে এত মাতামাতি, সে-ই কিনা এই আসরে পেয়েছে ‘সবচেয়ে বিরক্তিকর গান’-এর পুরস্কার।
এ ছাড়া বিভিন্ন বিভাগে ‘বাজে’ এবং ‘বিফল’ পুরস্কার পেয়েছে, ‘ শানদার’ ছবির পরিচালক বিকাশ ভেল, ‘কাট্টি বাট্টি’ ছবির অভিনেতা ইমরান খান, চলচ্চিত্র ‘পেয়ার কা পাঞ্চনামা’, ‘ম্যায় অউর চার্লস’।
সোনাক্ষী সিনহা তাঁর প্রথম একক ‘ইশকোহোলিক’-এর জন্য পেয়েছেন ‘হোয়াট দ্য হেল’ অ্যাওয়ার্ড।
প্রথম আলো পত্রিকা হতে নেয়া

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

