ব্লগেই পরে আছি বেশ অনেকক্ষণ , কেমন যেন ব্লগের স্ক্রিনে দিনটি আটকে আছে , কিছুতেই সরতে পারছি না । টিপ টিপ একটা পানি পরার শব্দ আসছে । রান্নাঘরের কলটা একটু ঢিলা হয়ে গিয়ে এরকম হয় মাঝে মাঝে । আর যখন বাসায় কেউ থাকে না ঐ ছন্দময় শব্দটি আমাকে সঙ্গ দেয় , তখন মনে হয় কেউ না থাক পানির ফোঁটাগুলো তো আছে ।
কে যেন হঠাৎ কলিং বেলটা বাজাল , ভাল্লাগছিল না তাই দরজাটা খুলিনি । মানুষটি বেশ ভালো ছিল , কেন বলছি ? কারণ সে বেলটা একবারি বাজিয়ে চলে গেল । হয়তো সেও চায়নি বাড়ির ভেতরের মানুষটিকে বিরক্ত করতে ।
আজ ভাবছি সবার লেখা পড়বো আর ভালো লাগার লেখাতে ভালো লাগা জানিয়ে আসবো । ব্লগিং চলছে , সাথে সাথে চলছে রবীন্দ্রসঙ্গীত "সেই ভালো সেই ভালো , আমারে না হয় না জানো " ভীষণ সুন্দর একটি গান । আমার ভালো লাগা গান গুলোর মধ্যে অন্যতম । এই গানের শব্দ গুলো কেমন যেন শিরায় শিরায় মিশে গেছে আমার , রক্তবিন্দুর সাথে সাঁতার কেটে হৃদপিণ্ডে এসে লাগে , ভীষণ ভালো লাগার একটি গান । শুনেছি রবীন্দ্রসঙ্গীত নাকি তানের নয় প্রাণের , প্রাণভরে উপভোগ করতে হয় , প্রতিটি কথার মানে বুঝতে হয় ।
হঠাৎ মনে পরে গেল , আজ তো আমার কিছু বই ডেলিভারি আসার কথা ছিল । দৌড়ে দরজার কাছে গিয়ে দেখলাম একটা অ্যাপোলজি লেটার পরে আছে । পোস্টম্যান একবারই বেল বাজিয়ে তার দায়িত্ব শেষ করে চলে গেলো । এখন আমাকে রয়াল মেইল থেকে কষ্ট করে বইগুলো নিয়ে আসতে হবে । খুব রাগ হচ্ছিলো পোস্টম্যান এর উপর , সে তো আরও কয়েকবার বেল টা বাজালেও পারতো । এখন মনে হচ্ছে মানুষটা আসলে ভালো ছিল না ।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৮ রাত ৯:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



