somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা কি পাকিস্তানের অংশ হওয়ার কথা ছিল, নাকি স্বাধীন রাষ্ট্র?

১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. ১৯৩০ সালে এলাহাবাদে দেওয়া তাঁর বিখ্যাত সভাপতির ভাষণে আল্লামা ইকবাল প্রথম স্পষ্টভাবে পাঞ্জাব, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু ও বালুচিস্তান নিয়ে গঠিত একটি স্বায়ত্তশাসিত মুসলিম রাজনৈতিক ইউনিটের ধারণা তুলে ধরেন — এ কারণেই অনেকে তাঁকে "পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা" বলে থাকেন।

১৯৩৩ সালে চৌধুরী রহমত আলী তাঁর বিখ্যাত Now or Never পুস্তিকায় প্রথম "Pakstan" শব্দটি ব্যবহার করেন।

শব্দটি গঠিত হয় Punjab, Afghania (অর্থাৎ North-West Frontier Province), Kashmir, Sindh ও Baluchistan — এই পাঁচটি অঞ্চলের আদ্যক্ষর থেকে। লক্ষ্য করার মতো বিষয়, এখানে বাংলা ছিল না ।

রহমত আলী বাংলার জন্য আলাদা রাষ্ট্রের ধারণা দেন — "Bang-i-Islam" বা "Bangistan"। অর্থাৎ তাঁর কল্পনায় বাংলা পাকিস্তানের অংশ নয়, বরং পৃথক মুসলিম রাষ্ট্র হিসেবে বিবেচিত ছিল।

হায়দরাবাদ-দাক্ষিণাত্যের জন্য তিনি প্রস্তাব করেন তৃতীয় আরেকটি সার্বভৌম মুসলিম রাষ্ট্র — "Usmanistan" (Chaudhry Rahmat Ali, The Millat of Islam and the Menace of "Indianism"।

করাচির সুপ্রিম কাউন্সিলে প্রদত্ত ভাষণ, ৮ মার্চ ১৯৪০-এর ভাষণের পুস্তিকা-সংস্করণ, যা ১৫ আগস্ট ১৯৪১-এর সংবাহক-পত্রসহ প্রচারিত হয়)।

এই পুস্তিকায় রহমত আলী স্পষ্ট লেখেন — "Pakistan, a Muslim Bengal and a sovereign Hyderabad would form three independent Muslim nations in South Asia"; অর্থাৎ পাকিস্তান, বাংলিস্তান ও উসমানিস্তান — তিনটি পৃথক সার্বভৌম মুসলিম রাষ্ট্রের কথা তিনি সুনির্দিষ্টভাবেই বলেছিলেন।

অর্থাৎ রহমত আলীর মূল কল্পনায় উপমহাদেশের মুসলমানদের জন্য একটিমাত্র রাষ্ট্র ছিল না; ছিল পাকিস্তান, বাংলিস্তান ও উসমানিস্তান।

এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ, কারণ পরে আমরা দেখব — "একাধিক স্বাধীন রাষ্ট্র"-এর ধারণাটি আদৌ আকাশ থেকে পড়া কোনো বিচ্ছিন্নতাবাদী খেয়াল ছিল না; এটি একদম গোড়াতেই বীজ হিসেবে রোপিত ছিল।

২. ১৯৪০ সালের লাহোর প্রস্তাব। ২২–২৪ মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে ২৩ মার্চ গৃহীত এই প্রস্তাবে "Pakistan" শব্দটিই ছিল না।

এই প্রস্তাবটি মূল অধিবেশনে উত্থাপন করেছিলেন তখনকার অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী এ. কে. ফজলুল হক স্বয়ং।

অর্থাৎ যে প্রস্তাবকে পরে কেন্দ্রীয় মুসলিম লীগ নেতৃত্ব নিজেদের মতো করে ব্যাখ্যা করেছে, সেটির জন্মই হয়েছিল বাংলার নেতৃত্বের হাত ধরে।
প্রস্তাবে বলা হয় — "...the areas in which the Muslims are numerically in a majority...should be grouped to constitute 'Independent States'..."।

এখানে "States" শব্দটি স্পষ্টভাবে বহুবচন। প্রস্তাবে আরও বলা হয়, সংশ্লিষ্ট ইউনিটগুলো হবে "autonomous and sovereign"।

অর্থাৎ উত্তর-পশ্চিম এবং পূর্বাঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে একক রাষ্ট্র নয়, বরং একাধিক সার্বভৌম ও স্বায়ত্তশাসিত রাষ্ট্র হিসেবে গঠনের সুযোগ এই প্রস্তাবনায় স্পষ্টভাবেই ছিল ।

একটা গুরুত্বপূর্ণ প্রমাণও আছে যে এই বহুবচন কোনো অসতর্ক ভুল ছিল না। ১৯৪১ সালে মাদ্রাজ অধিবেশনে মুসলিম লীগ এই প্রস্তাবের ভাষায় সামান্য একটি সংশোধনী আনে — "grouped" ও "to constitute"-এর মাঝে "together" শব্দটি যুক্ত করা হয়।

অর্থাৎ লীগ নেতৃত্ব নিজেই এক বছর পর প্রস্তাবের পাঠ পুনর্বিবেচনা করেছিল, অথচ সেই পুনর্বিবেচনার সময়ও "States"-এর বহুবচন রূপটি অপরিবর্তিত রাখা হয়।

এটি পরবর্তীতে জিন্নাহর "ছাপার ভুল" দাবিকে দুর্বল করে দেয় — কারণ একটি সত্যিকারের ছাপার ভুল হলে তা সংশোধনের এত ভালো একটা সুযোগ ১৯৪১ সালেই হাতছাড়া হতো না।

৩. ১৯৪৬ সালের ৭–৯ এপ্রিল দিল্লির অ্যাংলো-আরবিক হলে অনুষ্ঠিত মুসলিম লীগ আইনপ্রণেতাদের কনভেনশনে রাজনৈতিক ভাষা বদলাতে শুরু করে।

নতুন প্রস্তাবের খসড়া তৈরি করেছিল চৌধুরী খালিকুজ্জামান, হাসান ইস্পাহানি, নওয়াব মুহাম্মদ ইসমাইল খান, আই. আই. চুন্দ্রিগড় ও আবদুল মতিন চৌধুরী — এই পাঁচজনের একটি উপ-কমিটি।

অর্থাৎ যে পরিবর্তন বাংলার রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করে দিতে যাচ্ছিল, সেটির খসড়া তৈরি হয়েছিল একটি ছোট, মূলত অ-বাঙালি উপ-কমিটির হাতে, বৃহত্তর কনভেনশনের বাইরে।

৮ এপ্রিল ১৯৪৬ তারিখে সাবজেক্টস কমিটির বৈঠকে যখন এই খসড়া উত্থাপিত হয়, তখন আপত্তি তোলেন বঙ্গীয় মুসলিম লীগের সাধারণ সম্পাদক আবুল হাশিম।
তাঁর নিজের বিবরণ অনুযায়ী, জিন্নাহ প্রথমে দাবি করেন — ১৯৪০ সালের লাহোর প্রস্তাবে "States" শব্দটি ছিল একটি "স্পষ্ট ছাপার ভুল" (an obvious printing mistake)।

কিন্তু হাশিমের জোরাজুরিতে যখন মূল মিনিট বই পরীক্ষা করা হয়, দেখা যায় জিন্নাহর নিজের স্বাক্ষরযুক্ত নথিতেও বহুবচন "States" বিদ্যমান।

অর্থাৎ এটি ছাপাখানার ভুল ছিল না, ছিল মূল দলিলের অংশ। হাশিমের বিবরণে আরেকটি কম-আলোচিত বিস্তারিত তথ্য আছে — তিনি সরাসরি বহুবচন বহাল রাখার দাবি জানাননি, বরং একটি আংশিক আপসের প্রস্তাব দেন: "one sovereign independent state" বাক্যাংশের "one" শব্দটি মুছে "a" বসানোর প্রস্তাব দেন তিনি, যা জিন্নাহ মেনে নেন ।

হাশিম আরও যুক্তি দেন যে ১৯৪০ সালের লাহোর প্রস্তাব মুসলিম লীগের সর্বোচ্চ ফোরামে গৃহীত হয়েছিল, আর সেই প্রস্তাব সংশোধনের সাংবিধানিক ক্ষমতা ১৯৪৬ সালের আইনপ্রণেতা কনভেনশনের ছিল না।

এ কারণেই দিল্লি প্রস্তাবকে কখনো আনুষ্ঠানিকভাবে লাহোর প্রস্তাবের "সংশোধনী" হিসেবে ঘোষণা করা হয়নি — বরং এটি একটি নতুন, প্রস্তাব হিসেবে পাস করানো হয় ।

বাংলার ক্ষোভ প্রশমিত করতে এবং পরিবর্তনটিকে সর্বসম্মতিক্রমে গৃহীত বলে দেখাতে সুকৌশলে বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে দিয়েই জিন্নাহ সংশোধিত প্রস্তাবটি উন্মুক্ত অধিবেশনে উত্থাপন করান; প্রস্তাবটি সমর্থন করেন খালিকুজ্জামান ।

একদিকে জিন্নাহ প্রকাশ্যে একক সার্বভৌম পাকিস্তানের পক্ষে অবস্থান নেন, অন্যদিকে হাশিমের স্মৃতিচারণ অনুযায়ী তিনি ব্যক্তিগতভাবে বঙ্গীয় নেতাদের আশ্বস্ত করেন যে লাহোর প্রস্তাব আনুষ্ঠানিকভাবে সংশোধিত হয়নি।

এই দ্বৈত অবস্থান নিয়েই হারুন-অর-রশীদ দেখিয়েছেন, দিল্লি কনভেনশনের সাংবিধানিক ক্ষমতা না থাকলেও রাজনৈতিকভাবে এর সিদ্ধান্তকে ব্রিটিশদের সামনে মুসলিম লীগের কার্যকর অবস্থান হিসেবে উপস্থাপন করা হয়।

৪. কেউ কেউ যুক্তি দিতে পারেন যে লাহোর প্রস্তাবের "Independent States" কাঠামো অক্ষুণ্ণ থাকলে উত্তর-পশ্চিম এবং পূর্বাঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যসমূহের স্বাধীনতা অর্জনই সম্ভব হতো না — অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্বের একতাবদ্ধ দাবিই ছিল একমাত্র চালিকাশক্তি।

কিন্তু এই দাবির একটি মৌলিক দুর্বলতা আছে: এটি ধরে নেয় যে রাজনৈতিক শক্তির একমাত্র উৎস ছিল সর্বভারতীয় মুসলিম লীগ কেন্দ্রীয় নেতৃত্ব, অথচ ১৯৪০–৪৭ সালের বাস্তবতা আরও জটিল ছিল।

১৯০৫ সালে লর্ড কার্জনের বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনের সূচনা ঘটায়, যা দক্ষিণ এশিয়ার প্রথম গণ-জাতীয়তাবাদী আন্দোলন; এই আন্দোলন বাংলায়, বাঙালিদের দ্বারাই সংঘটিত হয়।

এই আন্দোলন সর্বভারতীয় কংগ্রেসের বাইরে এবং অনেক ক্ষেত্রেই কংগ্রেসের সঙ্গে বিরোধিতা করেই পরিচালিত হয়। ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হয় মূলত বাংলার চাপেই — আবারও কংগ্রেস বা মুসলিম লীগের ওপর নির্ভর না করেই।

এই ঐতিহাসিক ধারাবাহিকতা প্রমাণ করে, বাংলার রাজনৈতিক শক্তি কখনোই সর্বভারতীয় কেন্দ্রীয় নেতৃত্বের ওপর নির্ভরশীল ছিল না — বরং তার নিজস্ব, স্বতন্ত্র রাজনৈতিক সক্ষমতা ছিল।

এই ধারাবাহিকতারই পরবর্তী রূপ দেখা যায় ১৯৪৬ সালে। প্রাদেশিক নির্বাচনে একমাত্র বাংলাতেই মুসলিম লীগ নিরঙ্কুশ ম্যান্ডেট অর্জন করে এবং নিজস্ব সরকার গঠন করে।

বাংলায় মোট ১১৯টি সংরক্ষিত মুসলিম আসনের মধ্যে মুসলিম লীগ ১১৩টি আসনে জয়ী হয়, এবং ২৩ এপ্রিল ১৯৪৬-এ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হয় ।

এই সরকারি কাঠামোর নিয়ন্ত্রণেই পরবর্তীতে ১৬ আগস্টের 'ডাইরেক্ট অ্যাকশন ডে' রাষ্ট্রীয় মদদে কার্যকর হয় — প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী সেদিন বাংলায় সাধারণ ছুটি ঘোষণা করেন, সোহরাওয়ার্দী প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছিল এবং পুলিশ যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করেনি হয় ।

এই ম্যান্ডেট ছাড়া জিন্নাহর পক্ষে ব্রিটিশ সরকার ও কংগ্রেসের সামনে সর্বভারতীয় মুসলমানদের প্রতিনিধিত্ব করার মতো বাস্তব রাজনৈতিক ও দরকষাকষির শক্তি থাকত না ।

উল্টো প্রশ্ন জাগে — বাংলার এই রাজনৈতিক শক্তি ছাড়া জিন্নাহ কি একই মাত্রায় ব্রিটিশ সরকার ও কংগ্রেসের সঙ্গে দরকষাকষি করার অবস্থানে থাকতে পারতেন?

এই ম্যান্ডেট মূলত অর্জিত হয়েছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশিমের সাংগঠনিক পরিশ্রমে — অর্থাৎ যে দুজন নেতা পরে দিল্লি প্রস্তাবের সবচেয়ে বড় সমালোচক হয়ে ওঠেন, তাঁরাই ছিলেন সেই নির্বাচনী বিজয়ের প্রকৃত স্থপতি, যা জিন্নাহর সর্বভারতীয় মুখপাত্র হওয়ার দাবিকে বাস্তব ভিত্তি জুগিয়েছিল।

সুতরাং এই যুক্তি দাঁড় করানো যায় — কেন্দ্রীয়করণ পাকিস্তান অর্জনের একমাত্র শর্ত ছিল না; বরং বাংলার নিজস্ব, ঐতিহাসিকভাবে প্রমাণিত স্বাধীন রাজনৈতিক শক্তিই ছিল সেই কেন্দ্রীয়করণ প্রকল্পের অন্যতম ভিত্তি — যে শক্তিকে ১৯৪৬ সালের পরিবর্তনের মাধ্যমে পরবর্তীতে কেন্দ্রের অধীনস্থ করে ফেলা হয় ।

৫. যদি ১৯৪৬ সালে লাহোর প্রস্তাবের "States" অংশটিকে কার্যত "State"-এ রূপান্তর করা না হতো, তাহলে উপমহাদেশের ইতিহাস সম্পূর্ণ ভিন্ন পথে যেতে পারত। অন্তত তিনটি সম্ভাব্য দৃশ্য কল্পনা করা যায়।

দৃশ্য ১: অবিভক্ত বাংলা
১৯৪৭ সালেই একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারত। সে ক্ষেত্রে "পূর্ব পাকিস্তান" নামে কোনো রাজনৈতিক সত্তাই জন্ম নিত না, ফলে ১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৬৬-এর ছয় দফা বা ১৯৭১-এর মুক্তিযুদ্ধেরও প্রয়োজন হতো না। যে স্বাধীনতার জন্য বাঙালিদের প্রায় দুইশ বছর সংগ্রাম করতে হয়েছে, তা শুরুতেই অর্জিত হতে পারত।

এই ব্যবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতেন কেন্দ্রীয় মুসলিম লীগ নেতৃত্ব — বিশেষত জিন্নাহ, যাঁর রাজনৈতিক শক্তির মূল ভিত্তিই ছিল একটি একক সর্বভারতীয় মুসলিম রাষ্ট্রের অবিসংবাদিত নেতা হওয়া।

দৃশ্য ২: একক পাকিস্তানের পরিবর্তে পাকিস্তান কনফেডারেশন

আরেকটি সম্ভাবনা ছিল একটি শিথিল পাকিস্তানি কনফেডারেশন, যেখানে সদস্য রাষ্ট্রগুলো নিজ নিজ ক্ষেত্রে সার্বভৌম থাকত আর কেন্দ্রের হাতে থাকত কেবল প্রতিরক্ষা ও বৈদেশিক সম্পর্কের মতো সীমিত কিছু বিষয়।

মজার বিষয়, এই কাঠামো প্রায় হুবহু শেখ মুজিবুর রহমানের ১৯৬৬ সালের ছয় দফার মূল দর্শনের সঙ্গে মিলে যায়। অর্থাৎ পূর্ব বাংলা ১৯৬৬ সালে যে সাংবিধানিক কাঠামো দাবি করেছিল, সেটি হয়তো ১৯৪৭ সালেই, কোনো রক্তপাত ছাড়াই বাস্তবায়িত হতে পারত।

এ ধরনের ব্যবস্থায় প্রকৃত ক্ষমতা থাকত প্রাদেশিক বা জাতীয় ইউনিটগুলোর হাতে। ফলে কেন্দ্রীয় মুসলিম লীগের গুরুত্ব উল্লেখযোগ্যভাবে কমে যেত। জিন্নাহ অবশ্যই একজন গুরুত্বপূর্ণ নেতা থাকতেন, কিন্তু সমগ্র মুসলিম ভারতের একমাত্র রাজনৈতিক মুখপাত্র হিসেবে তাঁর অবস্থান আর আগের মতো থাকত না।

দৃশ্য ৩: একাধিক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র

তৃতীয় সম্ভাবনা ছিল লাহোর প্রস্তাবের আক্ষরিক অর্থ বাস্তবায়ন — অর্থাৎ মুসলিম-অধ্যুষিত অঞ্চলগুলো একক পাকিস্তানের পরিবর্তে একাধিক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে পরিণত হওয়া।

এই পরিস্থিতিতে বাংলা একটি স্বাধীন রাষ্ট্র হতে পারত, আর পশ্চিমাঞ্চলের মুসলিম-অধ্যুষিত অঞ্চলগুলো নিজেদের বাস্তবতা অনুযায়ী পৃথক রাষ্ট্র বা আঞ্চলিক জোট গঠন করতে পারত।

এই মডেলের সবচেয়ে বড় ঝুঁকিও ছিল এখানেই। একবার যদি বাংলা স্বাধীনতার পথ নিত, তাহলে অন্যান্য অঞ্চলও একই দাবি তুলতে পারত। এর ইঙ্গিত তখনই দেখা গিয়েছিল।

উদাহরণস্বরূপ, কালাতের খান মীর আহমদ ইয়ার খান ঘোষণা দেন যে ১৫ আগস্ট থেকে কালাত একটি স্বাধীন রাষ্ট্র। একইভাবে জি. এম. সৈয়দ পাকিস্তানের কড়া সমালোচক এবং স্বাধীন সিন্ধু রাষ্ট্রের অন্যতম প্রবক্তায় পরিণত হন।

মনে রাখা ভালো, এটি রহমত আলীর মূল কল্পনার (পাকিস্তান, বাংলিস্তান, উসমানিস্তান) সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

এই প্রেক্ষাপটে প্রশ্নটি শুধু বাংলা নিয়ে ছিল না। প্রশ্ন ছিল, লাহোর প্রস্তাবের "Independent States" যদি সত্যিই বাস্তবায়িত হতো, তাহলে পাকিস্তান কি আদৌ একটি কেন্দ্রীভূত রাষ্ট্র হিসেবে জন্ম নিত, নাকি মুসলিম-অধ্যুষিত অঞ্চলগুলোর একটি ঢিলেঢালা জোট বা একাধিক স্বাধীন রাষ্ট্রে বিভক্ত হয়ে যেত?

৬. আয়েশা জালালের বিশ্লেষণ অনুযায়ী পাঞ্জাব, বাংলা, সিন্ধু বা উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের অভিজাত নেতারা কোনো অভিন্ন মুসলিম জাতি গড়ার চেয়ে নিজেদের আঞ্চলিক ক্ষমতা ও স্বার্থ রক্ষায় বেশি আগ্রহী।

যদি লাহোর প্রস্তাবের "Independent States" কাঠামো বহাল থাকত, তাহলে এসব অঞ্চলের নেতারাই নিজ নিজ রাষ্ট্রের ক্ষমতার কেন্দ্র হয়ে উঠতেন, আর কেন্দ্রীয় মুসলিম লীগের ভূমিকা অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে যেত।

উপরন্তু, একক ও শক্তিশালী পাকিস্তানের সবচেয়ে জোরালো সমর্থক ছিল যুক্তপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ ও মাদ্রাজের মুসলিম অভিজাত শ্রেণি — যেসব অঞ্চল শেষ পর্যন্ত ভারতেরই অংশ থেকে যায়।

তাদের কাছে একটি কেন্দ্রীভূত পাকিস্তান ছিল উপমহাদেশের মুসলমানদের জন্য রাজনৈতিক প্রভাব ধরে রাখার প্রকল্প।

জিন্নাহর রাজনৈতিক ভিত্তিও মূলত এই সংখ্যালঘু প্রদেশগুলোর মুসলিম পেশাজীবী, শিক্ষিত মধ্যবিত্ত ও অভিজাত মহলে ছিল; পাঞ্জাব, বাংলা বা সিন্ধুর প্রাদেশিক ভূস্বামী শ্রেণির মধ্যে নয়।

এটাই ছিল তাঁর মৌলিক সীমাবদ্ধতা এবং একই সঙ্গে তাঁর শক্তি। তিনি ছিলেন বোম্বাইয়ের একজন ব্যারিস্টার ও সর্বভারতীয় মুসলিম রাজনীতির মুখপাত্র।
একটি কেন্দ্রীভূত রাষ্ট্রে এই অবস্থান তাঁকে অপরিহার্য করে তুলেছিল। কিন্তু একাধিক স্বাধীন মুসলিম রাষ্ট্র বা একটি ঢিলেঢালা কনফেডারেশনের ব্যবস্থায় তাঁর সেই কেন্দ্রীয় ভূমিকার আর প্রয়োজন থাকত না।

বিশেষত বাংলার ক্ষেত্রে বিষয়টি আরও স্পষ্ট। ফকির-সন্ন্যাসী বিদ্রোহ থেকে তিতুমীর, ফরায়েজি আন্দোলন, নীল বিদ্রোহ, স্বদেশী আন্দোলন, অনুশীলন ও যুগান্তর, বাঘা যতীন, সূর্য সেন, সুভাষ বসু, ফজলুল হক, যুক্তবঙ্গ পরিকল্পনা, ভাষা আন্দোলন, ছয় দফা এবং ১৯৭১ — এই দীর্ঘ ধারাবাহিকতা দেখায় যে বাংলার রাজনৈতিক চেতনা ঐতিহাসিকভাবেই কেন্দ্রের অধীনতার প্রতি বিরূপ ছিল এবং নিজস্ব রাজনৈতিক স্বাতন্ত্র্যের দিকে ঝুঁকেছিল।

"Independent States" কাঠামো বাস্তবায়িত হলে ফজলুল হক, আবুল হাশিম বা সোহরাওয়ার্দীর মতো নেতারাই বাংলায় প্রধান শক্তি হয়ে উঠতেন, আর জিন্নাহ সর্বভারতীয় মুসলিম লীগের ইতিহাসে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব হয়তো থাকতেন — কিন্তু পাকিস্তানের অবিসংবাদিত নেতা, কায়েদ-ই-আজম বা গভর্নর জেনারেল হওয়ার সুযোগ পেতেন না।

৭. এই পুরো তত্ত্ব নিছক জল্পনা নয় — ছোট পরিসরে হলেও এর বাস্তব প্রতিফলন ১৯৪৭–৪৮ সালেই দেখা যায়।

১২ আগস্ট ১৯৪৭ কালাতের খান মীর আহমদ ইয়ার খান ঘোষণা দেন যে ১৫ আগস্ট থেকে কালাত একটি স্বাধীন রাষ্ট্র, পাকিস্তান বা ভারত — কোনোটিরই অংশ নয় ।

প্রায় সাত মাস স্বাধীন থাকার পর, নানা চাপের মুখে ২৭ মার্চ ১৯৪৮ তারিখে কালাত পাকিস্তানে যোগদানে বাধ্য হয় ।

অন্যদিকে জি. এম. সৈয়দ, যিনি একসময় সিন্ধুতে পাকিস্তান আন্দোলনের প্রথম সারির নেতা ছিলেন, ১৯৪৬ সালেই মুসলিম লীগ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পরবর্তীতে "জিয়ে সিন্ধ" আন্দোলনের প্রবক্তা হয়ে ওঠেন।

এই দুই ঘটনা একসঙ্গে পড়লে স্পষ্ট হয় — লাহোর প্রস্তাবের বহুবচন "Independent States" কোনো বিচ্ছিন্ন বাঙালি দাবি ছিল না; এটি ছিল উপমহাদেশের একাধিক মুসলিম-অধ্যুষিত অঞ্চলের অভিন্ন প্রত্যাশা, যা ১৯৪৬-এর কেন্দ্রীকরণের পর একে একে দমিত হয়েছিল — কোথাও সামরিক ও রাজনৈতিক চাপে (কালাত), কোথাও দলীয় বহিষ্কার বা প্রান্তিকীকরণের মাধ্যমে (সিন্ধু), আর বাংলার ক্ষেত্রে শেষ পর্যন্ত একটি পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে।

এই প্রেক্ষাপটে ১৯৪৬ সালের পরিবর্তনকে নিছক একটি ভাষাগত সংশোধন হিসেবে দেখা কঠিন।

একটি মাত্র সিদ্ধান্ত ক্ষমতাকে প্রদেশ থেকে কেন্দ্রে স্থানান্তরিত করে দেয়, আর সেই কেন্দ্রীভূত কাঠামোর সবচেয়ে বড় রাজনৈতিক সুবিধাভোগী ছিলেন জিন্নাহ ও সর্বভারতীয় মুসলিম লীগ নেতৃত্ব।

আগ্রহোদ্দীপক বিষয় হলো, ইতিহাসবিদ হারুন-অর-রশীদ নিজেই তাঁর গবেষণায় এমন একটি সিদ্ধান্তে পৌঁছেছেন যা এই পুরো আলোচনাকে একটি বৃত্তে মিলিয়ে দেয় — ১৯৭১ সালে বাংলাদেশের অভ্যুদয়কে তিনি ১৯৪০-এর দশকে স্বাধীন বৃহত্তর বাংলার যে স্বপ্ন দেখা হয়েছিল, তার একটি আংশিক ও বিলম্বিত পূর্ণতা হিসেবে বিবেচনা করেন।

৮. ঘটনার এই ধারাবাহিকতায় শেষ পর্যন্ত একটাই প্রশ্ন থেকে যায় — একজন অসাধারণ রাজনৈতিক কৌশলী হিসেবে জিন্নাহ কি সচেতনভাবেই নিজের রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষা করতে লাহোর প্রস্তাবের ভাষা পাল্টে দেন, আর সেই প্রক্রিয়ায় আবুল হাশিমদের মতো বঙ্গীয় নেতাদের সঙ্গে একরকম হঠকারী আচরণ করেন?

প্রাপ্ত প্রমাণাদি — মূল মিনিট বইয়ে জিন্নাহর নিজস্ব স্বাক্ষরযুক্ত বহুবচন "States", "ছাপার ভুল"-এর দাবি ভেঙে পড়া, দিল্লি কনভেনশনের সাংবিধানিক ক্ষমতাহীনতা সত্ত্বেও তা কার্যকর অবস্থান হিসেবে চাপিয়ে দেওয়া, এবং প্রকাশ্যে ও ব্যক্তিগতভাবে দুই ভিন্ন বার্তা প্রচার — এই সবকিছু মিলিয়ে এই প্রশ্নটিকে নিছক জল্পনা না বলে একটি যুক্তিসঙ্গত ঐতিহাসিক অনুমান বলাই অধিক যথাযথ।

তবে জিন্নাহর ব্যক্তিগত উদ্দেশ্য চূড়ান্তভাবে প্রমাণ করা ইতিহাসবিদদের জন্য আজও কঠিন — কারণ তাঁর কোনো ব্যক্তিগত ডায়েরি বা সরাসরি স্বীকারোক্তিমূলক রচনা অবশিষ্ট নেই।

যা অবশিষ্ট আছে তা হলো — তাঁর কর্মকাণ্ডের ধারাবাহিকতা, তার পরিণতি, এবং সেই পরিণতি থেকে কে সবচেয়ে বেশি রাজনৈতিকভাবে লাভবান হয়েছিলেন তার স্পষ্ট প্রমাণ।

-------------------
সাইদ নাঈম, রামপুরা, ঢাকা শনিবার, ২০/০৬/২০২৬ খ্রিঃ
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৩৪
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

রুপান্তর

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০৭


কাজী সালাউদ্দিন সাহেবের আসলেই রাজকপাল , এই কথা বললে বিন্দুমাত্র বাড়িয়ে বলা হয় না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মসনদে টানা ষোলো বছর বসে থাকার এক বিরল কীর্তি তিনি গড়েছেন, যা... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ১৭ই মার্চ ১৯২০

লিখেছেন ইসিয়াক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪১




একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই  দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।

সেই ছেলেটি জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে।
মুক্তিরই এক বার্তা নিয়ে এলো ধরাধামে।

অন্তরটি তাঁর বিশাল বড়ো,বুক ভর্তি  মায়া,
সব মায়ের... ...বাকিটুকু পড়ুন

×