অলংকরণ: জসীম অসীম।
হলিউডের বিখ্যাত অভিনেত্রী এলিজাবেথ টেলরের অভিনয় আমার ভীষণই ভালো লাগে। তার অভিনীত ‘ক্লিওপেট্রা’ ছবিটিও আমার ভীষণ প্রিয়।
সেই এলিজাবেথ টেলর বিয়ে করেছেন 8 থেকে 10 বার পর্যন্ত। জন্ম তাঁর 1932 সালের 27 ফেব্রুয়ারি। তারই মা ছিলেন আবার একজন মঞ্চাভিনেত্রীও। এই এলিজাবেথ টেলরের সব প্রেমকাহিনী ছিল মূলত বিবাহেরই কাহিনী।
ঢাকায় একবার এক মহিলার খোঁজ পেলাম আমি, যিনি রঙ্গ করে নিজেকে ‘টেলর’ নামেই পরিচয় দেন। তিনিও নাকি 5 এর অধিক বিয়ে করেছিলেন। তবে তিনি ‘টেলর’ হতে পারেননি।
আসলে এলিজাবেথ টেলর অমর হয়েছেন তাঁর সৃষ্টিশীল কাজ দিয়েই। অবশ্যই তাঁর বিয়ের সংখ্যা দিয়ে নয়।
অথচ ঢাকার সেই মহিলা: আমার মনে হয় তিনি বিখ্যাত হতে চেয়েছিলেন শুধুমাত্র তাঁর বহুবিবাহ দিয়েই, সৃষ্টিশীল কাজ দিয়ে নয়। তাই তিনি আর সবার মতোই মরনশীল একজন মানুষই । এই বিশ্বের ভুলনশীল মানুষ তাকে নি:সন্দেহেই একদিন ভুলে যাবে।
অথচ যৌবনের শুরুতে আমার কাছেও মনে হতো একজন পুরুষ যদি 5-10টি বিয়ে করে, তাহলে ক্ষতি কী? বিশেষ করে যদি তাঁর অর্থকষ্ট না থাকে।
আমার ওই মনে হওয়াটিকে এখন আর আমি সঠিক বলে কোনোভাবেই মনে করি না। বরং আজকাল অবস্থাভেদে কাউকে কাউকে বিয়ে না করারও পরামর্শ দেই আমি।
অথচ আমারই পরিচিত এক রাজনীতিবিদ আমাকে একবার বলেন, পৃথিবীতে যুদ্ধ ছিল...যুদ্ধ আছে এবং যুদ্ধ থাকবে। আর এই যুদ্ধে অধিকাংশই বলি হয় পুরুষ। তাই যুদ্ধের পর সর্বত্রই পুরুষের সংখ্যাই কমে যায় এবং বেড়ে যায় নারীর সংখ্যা। আর নারীর সংখ্যা তুলনামূলকভাবে এভাবে বেড়ে গেলে ‘বেশ্যা’র সংখ্যাও বাড়ে কিংবা বাড়ে বেশ্যাবৃত্তি। এভাবে ‘বেশ্যা’র সংখ্যা বেড়ে গেলে আবারও যুদ্ধ লাগে এবং আবারও পুরুষের সংখ্যা কমতে থাকে।
আমি বললাম, তাহলে শেষ সমাধানটা কী? উত্তরে তিনি বলেন, একজন পুরুষের তাই 10-20-30টি পর্যন্ত করে বিয়ে করা উচিত: যদিও বর্তমান প্রেক্ষাপটে তা সম্ভবও নয়। তবে পুরুষের বহুবিবাহকে আমি অসমর্থন করি না।
আমি তখন তাঁকে বলি, একজন পুরুষ যদি এত এত বিয়ে করে, তাহলে তো চিরতরেই গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে এবং সে যুদ্ধ তো বিশ্বযুদ্ধকেও হার মানাবে। তখন তিনি আর এ প্রসঙ্গে আমার সঙ্গে নতুন করে কোনো কথাই বললেন না।
যে মেয়েকে আমি প্রথম বিয়ে করি, তাঁর নামে একবার আমি নিজের লেখা কবিতার বই উৎসর্গ করেছিলাম। কবিতার সেই বইয়ের নাম ছিল ‘স্বপ্নের মালা গাঁথার স্বপ্ন’।
কিন্তু অনেকদিন পরে আমি ঠিকই বুঝেছিলাম: সেই মেয়েটির কাছে হয়তো স্বাভাবিকভাবেই কিছু উৎসর্গিত কবিতার চেয়ে শহরে একটি বাড়ির মূল্যই ছিল অনেক অনেকগুণ বেশি। তাই হারামী বাড়ি-গাড়ির স্বপ্ন আমার সংসারে ভীষণই যুদ্ধ লাগিয়ে দিল। সেই যুদ্ধেকে আর কোনোভাবেই বন্ধ করা গেল না।
যেসব স্বামী আর খেলনা পুতুলের মধ্যে কোনোই পার্থক্য থাকে না, আমি তেমন স্বামী ছিলাম না বলে তখন আমার সংসারে প্রতিদিন যুদ্ধ লেগেই থাকতো। এই যুদ্ধকে আরও উস্কে দিল এই সমাজের পরিচিত আরও অনেকেই।
একদা যে মৃত স্বামীর সঙ্গে তার সৎ ও বিশ্বস্ত স্ত্রীর সহমরণে যাওয়াকে ভারতীয় হিন্দুসমাজ ‘সতীদাহ’ বলতো, আমি সেই প্রথাকে চিরকাল ঘৃণা করবো। অথচ সেই আমিই একজন নারীর জীবিত স্বামী এবং একজন মুসলমানের সন্তান হওয়া সত্ত্বেও এক সময় হয়তো নব্য আবিষ্কৃত প্রথা ‘পতিদাহ’-এর শিকার হতে থাকলাম। এমনকি আমার হাতে অগাধ অর্থ ছিল না বলে দিনের পর দিন ওই ‘পতিদাহ’ চলতেই লাগলো। কোনোভাবেই ওই ‘পতিদাহ’ বন্ধ করা গেল না।
অথচ আমি তো সতীদাহও মানি না এবং পতিদাহকেও সহ্য করতে পারি না। তাই অবশেষে কী আর করা? ‘য : পলায়তি স: জীবতি’। পালিয়েই বাঁচলাম আমি।
কারণ ছিলাম আমি ঠিকই আর্থিকভাবে খুবই গরীব একজন মানুষ , তবু কোনো খারাপ নারীতে কখনোই আসক্তি ছিল না আমার। জানেন তো, পতঙ্গ নির্বোধ বটে, কিন্তু ফুল ছাড়া সে বসে না।

সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



