
ভেবেছিলাম এই মাসে আর বই/পত্রিকা কিছুই কিনবো না। যা কিনার সব সামনের মাসে। মানিব্যাগের যা অবস্থা! কিন্তু হলো না। বইয়ের দোকানে টাটকা রহস্য পত্রিকা ঝুলতে দেখে আর লোভ সামলানো গেল না, কিনেই ফেললাম। এবং সঙ্গে সঙ্গে নিজেকে দেউলিয়া ঘোষনা করলাম। এই দেউলিয়া রূপকার্থে না, আক্ষরিক অর্থেই। বাড়ি থেকে টাকা পাঠাবার আগ পর্জন্ত "অর্থহীন" সময় কাটাতে হবে আরকি। যাইহোক, ধান ভানতে শিবের গীত গাচ্ছি, এখন আসল কথায় আসি।
রহস্য পত্রিকা। কত সুন্দর স্মৃতি আছে এই রহস্যকে ঘিরে। আগে মাসের শেষের দিকে আসলেই আব্বুর কানে কানে বলতাম, আজকে রহস্য দেখো আসার সময়। আব্বু কিছু বলতো না, শুধু রহস্যময় হাসি দিত। আর এটা বলতে হত এমনভাবে যেন আম্মু শুনতে না পায়। শুনলে পিঠের ছাল উঠে যাবার সমূহ সম্ভাবনা। সেইসব দিন!! কোনো রহস্যময় উপায়ে যদি আবার ফিরে পেতাম!
অতীত নিয়ে কিছু কথা হলো, এখন বর্তমানে ফিরে আসি। রহস্য পত্রিকা, এপ্রিল ২০১৬। এই সংখ্যায় একই সাথে আছে আগাথা ক্রিস্টি এবং স্যার আর্থার কোনান ডয়েলের গল্প। যদিও এই দুইটা এখনো পড়া হয়নি। একদম শেষে পড়ার জন্য রেখে দিয়েছি। কালকে রাতে লাইট বন্ধ করার আগে যেই কয়টা পড়া হয়েছে সেগুলো হলো রহস্য গল্প আজব চশমা, অলোওকিক গল্প কুহেলিকা, স্মৃতিচারনা চা বাগানের জার্নাল। সবগুলোই বেশ ভালো। অহ, আর একটা ওয়েস্টার্ন উপন্যাসিকাও আছে এই সংখ্যায়। আগামী কয়েকটা দিন বোধহয় ভালোই যাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

