বিষন্ন বকুল
(প্রয়াত স্ত্রী সায়েমা আক্তার স্মরণে)
মোহাম্মদ হাবীব উল্লাহ
শিয়রে তোমার বকুল বৃক্ষ যেন পরম প্রিয়জন
তার স্নেহের ছায়ার ঢেকে আছে তোমার অনন্ত আবাস
শিশিরের মতো ঝরে সেথায় ব্যাথিত বকুল, তার সুবাস
কে ছড়ায় তোমার বুকে, গন্ধে উদাস কার মন।
পদপ্রান্তে তোমার কামিনী ফুলের ঘন পল্লব
শ্যামল প্রসারিত আনত শাখা তোমার কবরে
বার বার ছুঁয়ে যায় নিবিড় আদরে
পাখীরা তোমাকে শোনায় গান আর মধুর কলরব।
ব্যাথিত বিষন্ন মনে আমি একা দাঁড়িয়ে থাকি
মাটির গভীরে শুভ্র কাফনে তোমার দেহ আছে ঢেকে
গভীর ঘুমে লুপ্ত তুমি নিঃসঙ্গঁ, একাকী
জোনাকীর প্রদীপ জ্বলে অন্ধকারে থেকে থেকে।
নির্জন নিবাসে ভয় কি পাও একাকী?
আমি আছি জেগে, জেগে আছে রাতের পাখী
তোমার সাথী হয়ে, মাটির ভেতর শুয়ে পাও কি সুবাস
পৃথিবীর? শুনিতে কি পাও রিক্তের করুণ র্দীঘশ্বাস
তোমাকে হারানোর ব্যাথায় বিরহ বিধুঁর
আমাদের হৃদয়ের হাহাকার আর কান্নাতুর সুর।
বাতাসে ভাসে আতর, লোবানের গন্ধ আর অপার্থিব ডাক
কে যেন আসিবে তোমার পাশে নিশ্চল, নিবাক,
পৃথিবীর সময় শেষ হলে পর চলে যাবো কোন একদিন
যুগল জীবন পরপারে এক সাথে হবে লীন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


