কখনো হবে না ক্ষয়
(প্রিয়তমা পত্নী সায়েম আখতার স্মরনে)
মোঃ হাবীব উল্লাহ
জীবনের খেঁয়া পার হয়ে মানুষ কোথায় যায়
কোন অদৃশ্য ঠিকানায় একা একা পাড়ি জমায়
নিরুদ্দেশে বসতি খোঁজে, নিভৃত কোন লোকালয়ে থাকে,
স্বজনের সাথে বন্ধন ছিন্ন করে, কোন নিয়তির ডাকে
অজানা তীর্থে চলে যায়, ধুসর ধুলোয় পদচিহ্ন ও লীন হয়ে যায়,
জীবনের সাজানো বাগান আকস্মিক ঝড়ে ছিন্ন ভিন্ন হয়
প্রিয় সব মুখ শোকে কাতর, দু’চোখে অশ্রুর রেখা বয়
ফিরে পাওয়ার আকুলতায় নিরন্তর হৃদয়ে বেদনা জাগায়।
কোথাও মেলেনা সন্ধান তার, তার মুখের আদল, পরিচিত রেখা,
কোন অজানার ডাকে ছেড়ে চলে যায় অনন্তের পথে,
পেছনে পড়ে থাকে স্মৃতির পালক, কালের রথে
চড়ে অসীমের সন্ধানে পাড়ি দেয় একা, কোথায় মেলেনা দেখা
তার, নিঃসঙ্গ জীবনের নিরব ক্রন্দন, হাহাকার
করুনআর্তি কারো হৃদয়ে তোলেনা ঢেউ
আমি শুধু একা একা বয়ে যাই স্মৃতির দুঃসহ ভার
জগতের আর জানে না কেউ।
মাটির মানুষ আবার মাটিতে নিয়েছ অন্তিম ঠাঁয়
এ জগতের সাথে রবে না কোন সেতুবন্ধন, ভালবাসার দায়
অস্থি, পাঁজর, দেহ সবকিছু একদিন হবে লয়
তোমার সাথে আমার আত্মার বন্ধন কখনো হবে না ক্ষয়।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


