
আমি চাইনা আমার জন্মদিন কেউ জানুক।
আমার বছর-বয়সের সমান মোমবাতি জ্বালুক
আনন্দে-আহ্লাদে-হর্ষে
এবং নিভিয়ে দিক প্রতি বর্ষে
একটি করে বাড়তি মোমের বাতি
ঘিরে আসুক আমায় আঁধার রাতি।
সে নিয়ে হইচই হবেনা, জানি।
কাটবেনা কেক কেউ হাট হতে আনি।
জানি, আমি বিখ্যাত কেউ নই।
খামোখা ঝামেলাটা ওই
কেউ করবেনা।
তবুও চাইনা।
চাইনা ফেইসবুকের ইনবক্স ভরে
অজানাকে জানার ভান করে
বন্ধুরা বিনে পয়সায়
দায়সারা কায়দায়
জন্মদিনের শুভেচ্ছা-বার্তা পাঠাক মেকি
আহ্লাদে গদগদ আমি চেয়ে দেখি।
চিরজন্মের অচেনা-অজানা
বন্ধুও ফেইসবুকে ভাব নেয় ‘চেনা’।
এইসব ভেবে চিন্তে তাই
ফেইসবুক আইডিটাই
ডি-অ্যাক্টিভেট করে রাখি
অনেক আগেই। কোনো আঁখি
যেনো কোনোভাবে আর
না জানে জন্মদিন আমার।
জীবনের দীপখানি জ্বলে যাক নিবিড় আভায়
নিবুক সে দীপ শুধু যেদিন জীবন যাবে চির তমসায়।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



