চলতি পথে ট্রেনে একটা কবিতার
ভাববস্তু খুঁজে পেয়েছিলাম
তখন লেখা হয়নি বলে আর লেখাই হলোনা
অনুভূতিরাও জাগলোনা সেভাবে।
সাত সকালে প্রভাতফেরিতে যাবার কথা ছিলো
সময়মতো জাগতে পারিনি বলে
সে সুযোগ হাতছাড়া হয়ে গেছে
আক্ষেপ করি আজো তার জন্যে।
ছাত্র জীবনে পড়ালেখার সুযোগ এসেছিলো
তখন তার মূল্য বুঝতে পারিনি বলে
ভালো ফলাফল করা হয়নি
এখন খুঁজে ফিরি সে সুযোগ।
কৈশোরে এসেছিলো সোনালি ফসল ফলানোর সময়
সঠিকভাবে কর্ষণ করতে পারিনি বলে
শূন্য গোলাঘর শূন্যই রয়ে গেছে
আজো আমি ভালো ভালো কৃষক হতে পারিনি।
ভালোবাসা কড়া নেড়েছিলো যৌবনে
সে ডাকে দ্বার খুলিনি বলে
নিরাশ হয়ে ফিরে গেছে সে
বারবার পিছু ডেকেও তাকে ফেরাতে পারিনি।
ঝড়ের পরে আম কুড়াবার ধুম লেগেছিলো
সাথীদের সঙ্গে তাল মেলাতে পারিনি বলে
সে সুযোগ হাত ফসকে চলে গেছে
আফসোসে পুড়ি তার জন্যে।
সময় এসেছিলো সঠিক সময়ে সিদ্ধান্ত নেবার
সদ্ধিান্তহীনতায় ভুগেছিলাম বলে
চলে গেছে সে সুযোগ
আজো অনুতাপে জ্বলি, সে ভুলের মাশুল দিই।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



