



পদ্মা ও যমুনার দু’তীরে চলছে অবিরাম ভাঙন
প্রখর ধারায়। তবে কি এ জনপদ ব্যাবিলন
বা মোহেঞ্জোদারো-হরপ্পা হয়ে যাবে একদিন!
দুপারের লোকগুলো উদ্বেগ-উৎকণ্ঠায় নিদ্রাহীন
রাত্রি যাপন করে। সবশেষ সম্বল ভিটেটুকু তার
প্রবল জলের তোড়ে ভেসে যায় কখন আবার
প্রমত্ত-পদ্মার আজন্ম-ক্ষুধার্ত সলিলরাশিতে
নিমেষেই চোখের পলকে, ক্ষুরধার-স্রোতে।
ভেসে যায় গাছপালা, বসতি, বাজার ও হাট,
মসজিদ, মন্দির, পাঠশালা, ফসল-ভরা মাঠ
বিভীষণ পদ্মা অনায়াসে সব করিতেছে গ্রাস
এ পারে ভেঙে তীর ওপারে লোকের নিবাস
গড়িছে আশ্রয়হীনের। সকল হারায়ে কারো
দুশ্চিন্তার ভাঁজ পড়েছে ললাটে। তারপরও
বাঁচবার স্বপ্ন দেখে তারা নয়নের কোণে।
জানেনা জলধি শেষে আশ্রয় দেবে কোন্খানে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


