মাঝে মাঝে কলম থেমে যায়,
বুকের অনেক গভীর থেকে তীক্ষ্ণ ব্যাথা
তার কয়েক ফোঁটা জল হয়ে,
ভিজিয়ে দেয় অর্ধসমাপ্ত কবিতাটাকে।
কাদের জন্যে এ অশ্রু?
যাদের বিশ্বাস করেছিলাম অন্ধের মত,
আমার দুঃস্বপ্নকে যারা স্বপ্ন বানিয়েছিল,
বাংলার পাঁচ-এ যারা হাসি এনেছিল,
তাদের জন্যে?
কাদের জন্যে এ অশ্রু?
যাদের স্টেশনে আজো থেমে আছে
আমার ভালোবাসার ট্রেন,
আমার আধখাওয়া সিগারেট ছিল যাদের ঠোঁটে,
আমার ঘুনে খাওয়া গিটারে সুর ছিল যারা,
তাদের জন্যে?
তারা আজ এসেছিল,
বিশ্বাসের তারগুলো একটা একটা করে ছিড়ে রেখে গেছে।
তারা আজ এসেছিল,
আমার হৃদয়ের রক্তকে সাদা কাপড়ে ঢাকতে।
তারা আজ এসেছিল,
দুঃস্বপ্নে।
কিন্তু জীবনের তাতে কিছু আসে যায় না,
সে চলতে থাকে তার-ই মত।
কখনো একা কখনো বা নিঃসঙ্গ।
এই বেশ ভালো আছি।
বন্ধুত্বের দুয়ার বন্ধ করে
একাকিত্বকে সঙ্গী করে
এই বেশ ভালো আছি।
আমি কবি,
আমাকে লিখতেই হবে
জীবনের প্রতিটি অক্ষর।
আমি মানুষ,
কষ্টই আমার নিয়তি
কষ্টকে অনেক কষ্টে চাপা দিয়ে বেচেঁ থাকা।
জীবন চলে যায় কবির কলমের মত,
মাঝে মাঝে থেমে যায়
যখন কান্না আসে খুব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




