আমার হাতের তৃষ্ণার্ত যাত্রায় তোমার খোপা
থেকে ছিড়ে পড়ালো ভালোবাসার শিউলি মালা।
তুমি লজ্জায় শামুকের খোলসে লুকিয়ে গেলে।
আমি বিশ্ব নেতার মতো তৎক্ষণাত ঘোষণা
দিলাম- বেওয়ারিশ প্রতিটি শিউলি কুড়িয়ে
তোমাকে পুনরায় চমৎকার মালা গেঁথে দিবো।
আর এখানে স্থাপিত হবে শিরি ফরহাদের মুরাল।
তখন কার্তিকের দেবদারু গাছে দ্বিপ্রহর রাতের অমাবস্যা
চারপাশে এক্্র-রে ফিল্মের মতো কালো অন্ধকার।
এবার সম্মতির তোয়াক্কা না করে আমি ঝটপট
তোমার দ্বিধাগ্রস্ত হাত ধরে ফেললাম। বললাম, চলো।
সুন্দরবনে মাওয়ালীদের কাছে যাই।
ওদের কাছে আলো ধার এনে কুড়াবো শিউলি।
এরপর যাবো শাহাবাগ,
ওখানে পেয়ে যাবো তাজা ফুল গাঁথা কারিগর।
ওদের কাছে শিখে নিবো জোনাকির স্বপ্ন বুনন।
আমি আবারো গাঁথবো মালা, সাজাবো ধ্রুপদী জীবন।
যা দেখে স্বয়ং ঈর্ষান্বিত হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের
সাবেক পরাক্রম প্রেসিডেন্ট বিল ক্লিনটন ।
তাজমহল দর্শন করে যেমন তিনি সম্রাট শাহজাহানের
প্রতি দীর্ঘশ্বাস গোপন করে বলেছিলেন, অসাধারণ!

সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


