
পাতা
আমি তোমারই মতো।
বাতাসে হাঁসি, অমাবস্যায় কাঁদি।
আমি ঠিক তোমারই মতো
আমার সারাজীবন বিনিয়োগ করে
একটি পূর্ণিমার চাঁদের
অপেক্ষায় থাকি।
পাতা
আমার শরীর থেকে যখন
সব পাপ ধুয়ে মুছে আমাকে
মোমের মতো পবিত্র করে
রাজদরবারের মোমদানিতে
সাজিয়ে রাখা হয়
তখন আমার মনে পড়ে
আমার সময় হয়ে গেছে
আমার দেহ থেকে আমার
ঝরে পড়ার।
পাতা
ভালোবাসা নিয়ে আমার বিশ্বাসগুলো
এতো ঠুনকো ছিল না।
তবুও তারা একে একে
উইন্ডশিল্ডের গায়ে লেগে থাকা
বৃষ্টির ফোঁটার মতো ঝরে পড়েছে।
ঠিক তোমার শরীর থেকে
যেমন ঝরে পড়েছে তোমার
যৌবনের বিশ্বস্ত পূর্বাহ্ন ও অপরাহ্ন।
পাতা
আমার বিবর্তনের লেখচিত্রগুলো
তোমারই মতোই খুব বর্ণিল।
আমার শৈশব-কৈশোর-যৌবন
যেন ঠাঁই খুঁজে বেড়ানো এক অখণ্ড নদীর
অপৃথক প্রবাহমান স্রোত।
সত্যিই আমার পরিণতির সাথে
তোমার গন্তব্যের অদ্ভুত মিল আছে।
পাতা
আমাদের সারাটা জীবন আসলে
প্রশ্নবোধক এক চিহ্নের মতো।
পাতা
আমাদের সারাটা জীবন আসলে
খুঁজে না পাওয়া খুব দরকারি
এক ঠিকানার মতো।
কাব্যগ্রন্থ: চিলেঘুড়ির অষ্টপ্রহর
[yt|
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


