গ্রেপ্তারের পর দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে কেন জামিন দেয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও টিভি ব্যক্তিত্ব ড. আসিফ নজরুল।
শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তোলেন।
অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) ‘গণমাধ্যমের স্বাধীনতা ও মাহমুদুর রহমান’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।
আসিফ নজরুল বলেন, ‘আমরা যখন দেশপ্রেম ও আত্ম-মর্যাদাবোধ ভুলে গিয়েছিলাম, তখন মাহমুদুর রহমান সে দেশপ্রেম জাগ্রত করেছিলেন। কিন্তু তাকে কারারুদ্ধ করা হয়েছে।’
‘এখন আর মাহমুদুর রহমানের মুক্তি চাওয়ার দরকার নেই। কারণ আর মাত্র কয়েক মাস পরে তিনি কারো দয়ায় নয়, বীরের বেশে মুক্তি পাবেন। তবে সে জন্য একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি হতে হবে’ যোগ করেন তিনি।
আসিফ নজরুল বলেন, ‘মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে ভালো কথা, কিন্তু তাকে কেন জামিন দেয়া হচ্ছে না? কেন তাকে বাইরে রেখে প্রকৃত বিচার হয় না? আসলে সরকার তার প্রকৃত বিচার চায় না। তবে জনগণ যেদিন বিচার করবে, সেদিন যারা তাকে বিনা বিচারে আটক করে রেখেছে তাদের দিকে থুথু ফেলবে।’
তিনি বলেন, ‘গণমাধ্যমের কণ্ঠরোধ করে কোনো সরকার ক্ষমতায় থাকতে পারেনি। যারা গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরে একদিন জনগণও তাদের কণ্ঠ চেপে ধরবে।’
বিশিষ্ট এই টিভি ব্যক্তিত্ব বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেই বিশেষ ক্ষমতা আইন প্রণয়ন করেছিল। এরপর করেছে তথ্য-প্রযুক্তি আইন। তথ্য-প্রযুক্তি আইন জঘন্য ও কুৎসিত।’
এ আইনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি ক্ষমতায় আসলে আইনটি বাতিলের জন্য বিএনপির প্রতি দাবি জানিয়েছেন আসিফ নজরুল।
ফেলানীর ঘাতক বিএসএফ সদস্যের নির্দোষ প্রমাণ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশপ্রেমিক হিসেবে বিএসএফ নাকি এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাহলে আমাদের বিজিবিতে কি একজন দেশপ্রেমিকও নেই। বিজিবি এমন কাজ করলে ভারত কী তাদের দেশপ্রেমিক বলবে?’

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



