কলকাতা, ১০ই আগস্ট — বাঁদর চুরির ঘটনায় সোমবার অপসারিত হলেন আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা সুবীর চৌধুরী। রাজ্য বনদপ্তর বিরল প্রজাতির বাঁদর চুরি যাওয়ায় এদিন এমন কঠোর নির্দেশ দিতো বাধ্য হলো। পুলিসের কাছে দেওয়া বয়ানে অসংগতি থাকায় এদিন চিড়িয়াখানার দুই বেসরকারী নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে। চুরি যাওয়া বিরল প্রজাতির আটটি বাঁদরকে খূঁজে বের করতে কলকাতা শহর ও শহরতলীতে চরম সর্তকতা জারি করা হয়েছে। বিশেষ নজর রাখা হচ্ছে দমদম বিমানবন্দর, খিদিরপুর বন্দরের ওপর। হাওড়া, শিয়ালদহ ও কলকাতা রেল স্টেশনে নজরদারি বাড়ানো হয়েছে। চুরি যাওয়া মারমোসেট জাতের বাঁদরগুলো আকারে খুব ছোট বলেই গোয়েন্দাদের চিন্তা বাড়ছে। আলিপুর চিড়িয়াখানার নিরাপত্তাকে কীভাবে ঢেলে সাজানো যায় তা খতিয়ে দেখতে বুধবার আলিপুর পশু সংগ্রহশালা পরিদর্শনে যাচ্ছেন রাজ্যের বনমন্ত্রী অনন্ত রায়। তিনি জানিয়েছেন, এবিষয়ে প্রয়োজন হলে একটি তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গড়ে তোলা হবে। দিল্লির সেন্ট্রাল জু অথারিটিও এদিন আলিপুর চিড়িয়াখানায় বাঁদর চুরির সবিস্তারে রিপোর্ট তলব করেছে। অপসারিত অধিকর্তা সুবীর চৌধুরী সুন্দরবন বায়োরিজার্ভের যুগ্ম অধিকর্তা পদও সামলাতেন।
বিষয়ের গুরুত্ব বুঝে রবিবার রাতেই ওয়াটগঞ্জ থানা পুলিসের কাছ থেকে বাঁদর চুরির কেসটি হাতে নিয়েছে কলকাতা পুলিসের গোয়েন্দারা। তারা এবিষয়ে রাজ্য গোয়েন্দা দপ্তরের সাহায্য নিচ্ছে বলে জানা যাচ্ছে। কলকাতা পুলিসের গোয়েন্দা প্রধান জাভেদ শামিম জানিয়েছেন, চিড়িয়াখানার ভিতরে যেখানে থেকে বাঁদর চুরি গেছে সেখানে পর্যায়ক্রমে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই ব্যক্তিকে সোমবার ভোরে গ্রেপ্তার করা হয়। ধৃত দুই নিরাপত্তারক্ষীর নাম নাম অশোক পাত্র (৩২) এবং শ্যামসুন্দর ঘোষ (২৬)। হুগলীর গুরাপের বাসিন্দা অশোক পাত্র। অন্যদিকে শ্যামসুন্দর ঘোষ থাকে দক্ষিণ ২৪ পরগণার নরেন্দ্রপুরে। গোয়েন্দা প্রধান জানিয়েছেন, চিড়িয়াখানার ভিতর চিলড্রেন জু ক্যাম্পাসের যে খাঁচা থেকে তিনটি পুরুষ, তিনটি মহিলা ও দুই বাচ্চা সহ আটটি মারমোসেট চুরি গেছে সেখানে ধৃত দুই নিরাপত্তারক্ষী দিন-রাতের পর্যায়ক্রমে ডিউটি করেছে। দুজনেই কলকাতার ব্রাইট সিকিউরিটি অ্যান্ড প্লেসমেন্ট সার্ভিসের নিয়োজিত কর্মী। দীর্ঘদিন ধরে তারা নিরাপত্তারক্ষীর কাজ করছে। কিন্তু তাদের বক্তব্যে অসংখ্য অসংগতি থাকায় হয়েছে তাদের এদিন গ্রেপ্তার করা হয়। দুইজনকে এদিন আলিপুর আদালতে তোলা হলে বিচারক উভয় অভিযুক্তকে ১৭ই আগস্ট পর্যন্ত পুলিসী হেফাজতে রাখার নির্দেশ দেন।
সোমবার কলকাতা পুলিসের গোয়েন্দারা তদন্তের স্বার্থে দফায় দফায় আলিপুর চিড়িয়াখানায় যায়। তারা চিলড্রেন জু ক্যাম্পাসের লিন্টু শেড পরিদর্শন করে নানা ধরণের নমুনা সংগ্রহ করেন। গোয়েন্দাদের অনুমান আগে থেকে চিড়িয়াখানায় দুষ্কৃতীরা ঢুকে না থাকলে এই বাঁদর চুরির কাজ এত নিশব্দে করা সম্ভবপর নয়। কারণ দেখতে পুঁচকে হলেও মারমোসেট বাঁদর খুব জোরে ডাকতে পারে। আর খুব ভীতু প্রকৃতির। খাঁচায় হঠাৎ কেউ ঢুকলে তারা বিকট চিৎকারের সঙ্গে লম্ফ-জম্ফ শুরু করবে। লিন্টু শেডের অদূরে দাঁড়িয়ে ডিউটি করলে এই অস্বাভাবিকতা নজর করাটা খুব একট কঠিন কাজ নয়। নিরাপত্তারক্ষীরা কেন এতবড় ঘটনা দেখতে পেলেন না সেটিই ভাবাচ্ছে গোয়েন্দাদের। আর একটি বিষয় গোয়েন্দাদের ভাবাচ্ছে তা হলো দুষ্কৃতীরা কীকরে জানবে ঐ পুঁচকে বাঁদররা আপেল খেতে সবচেয়ে ভালোবাসে। কেননা চিলড্রেন জু’র এদিকওদিন আপেলের টুকরো সন্ধান মিলেছে। কিছু না জেনে বাজারে একশো টাকা কিলোগ্রামের আপেল সঙ্গে নিয়ে আসবেন না কোন দুষ্কৃতী। আর একটি বিষয় গোয়েন্দাদের নজর কেড়েছে তা হলো খাঁচাকে কাঁটা হয়েছে কোনরকম ইলেকট্রিক করাত দিয়ে। আলিপুর চিড়িয়াখানার ভিতরের কোন লোকের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া একাজ করা খুব কঠিন। গোয়েন্দারা চিড়িয়াখানার সাফাইকর্মী থেকে খাবার দেওয়ার কর্মী, চিকিৎসক থেকে রান্নার লোক সবাইকে জেরা চালিয়ে যাচ্ছেন। গোয়েন্দারা নিশ্চিত আলিপুর চিড়িয়াখানাতেই এখনো রয়ে গেছে কোন ব্যক্তির যোগসূত্রতা। এর আগে দেশের জাতীয় পশু সংগ্রহশালা থেকে সাপ চুরি গেলেও বাঁদরের মতো হাত-পাওয়ালা জন্তু চুরির ঘটনা এই প্রথম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

