এবারের মরশুমে, রেকর্ড পরিমাণ গরম ফলেছে।
বাইরে বেরলেই—
উত্যক্ত অনুগত দুপুরগুলো দুর্বৃত্ত ছুরির ফলার মতো গায়ে বিঁধতে থাকে।
অথচ মগ্ন জীবনকে ছিটকিনির বাইরে নিয়ে আসতেই হবে।
বৈশাখের এমনই ধোঁয়া-ধোঁয়া অস্পষ্ট দুপুরে দেখা গেল
বাসস্টপে কলেজ ফিরৎ একটি মেয়েকে।
কয়েকটা যুবক তার সামনেই ছিল।
হঠাৎ তাদেরকে কে যেন উপুর করে সমুদ্র উপকূলে নিয়ে গেল।
এরপর থেকেই তারা নিজেদেরকে অসম্ভব আগলাতে থাকে।
তারপরই শুরু হয় দিবাস্বপ্ন।
বিশেষ করে, অভিজ্ঞরা যাকে মতিভ্রম বলেন।
মেয়েটির মূল্যবান চিবুকে লিপিবদ্ধ দুঃসময়ের ঘাম।
মোচার খোলার মতো রমণী-কবুল-ঘ্রাণ বেড়িয়ে আসে শরীর থেকে।
বিপন্ন যুবক ছেলেকটি এখনই বুঝি ভয়ংকর জুয়ারির মতো
মনে মনে বাদশাহী নীল-সাদা জলে আত্মঘাতী হবে।
কিন্তু কার সঙ্গে ?
সেসব ভেবে ওঠবার আগেই
বাসস্টপে বাস এসে পড়ে।
সুব্রত সামন্ত
মানামা, বাহ্রাইন
১১।০৮।২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



