ভুল বানানে নয়, ভুল জনকে উপলক্ষ করেই
আমি পাঠিয়েছিলাম আমার প্রথম ওলটপালট প্রেমপত্র।
কেননা, তখন যাবতীয় বিশ্বাসের মধ্যে ছিল
বিশেষ কোনো নক্ষত্র।
এভাবে সে ছিল আমার ব্যাপিত উপকূলে।
আর আমার ভিতর ভরে উঠত
ভ্রাম্যমাণ-ভাসমান অসমাপ্ত স্বপ্নের ঘাড় গুঁজে একান্ত নিবিষ্ট চাষাবাদ।
আমার যখন এই অবস্থা
ঠিক তখনই একদিন শনাক্ত করলাম ;
আমার এই দাদা নামের প্রেমিকটি
অন্য এক আকাশের অষ্টপ্রহর প্রহরী।
তখন বাস্তব দিল লিখিত বিবৃতি
মেয়ে তুই ড্যাশ্ হয়ে গেছিস।
তারপর থেকে যখনই মেঘ দেখি
ভয় হয়, দারুণ রকমের ভয়...
আমার পুরানো চালের ফুটো বেয়ে
বৃষ্টির ফোঁটা গড়িয়ে এই মেঝে ভেজালো বুঝি।
সত্যিই কি আমি...
সুব্রত সামন্ত
১৭.০৮.২০১৪
মানামা, বাহ্রাইন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



