সন্ত্রাস যদি ধ্বংস-শিস্ দিয়ে সাথে করে
টেনে নিয়ে যায় মানুষের সাজানো-গোছানো শুভ চেতনাগুলোকে ;
তখনও আমার রায় থাকবে মানুষের পক্ষে।
মানুষ যদি প্রজাপতি-সুখে খরচা করে নিজের জীবন
শুধুমাত্র সঙ্গম আর সন্তান উৎপাদনে ;
তখনও আমার রায় থাকবে মানুষের পক্ষে।
এমনকি
পাটের খেতে যদি পরে থাকতে দেখি
কোনো কিশোরীর খামচে খাওয়া শরীর ;
নদীর জলে ভাসতে দেখি
গত তিন-চারদিন আগে নিখোঁজ হওয়া
কলেজ ছাত্রের বীভৎস লাশ ;
বোমা, ছুরি, পিস্তলের মিলিত সন্দেহজনক আক্রোশে
ক্রন্দন আর বিষাদের বিনাশী-আয়োজনে যদি আরো বেশি বেশি করে
বিনাশে ভরে যায় ; এ মহা-মানব সভ্যতা...
তখনও আমার রায় থাকবে এই মানুষেরই পক্ষে।
কেননা,
আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি
মানুষকেই।
সুব্রত সামন্ত
মানামা, বাহ্রাইন/খানাকুল, হুগলী
১৯.০৮.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



