আসছে আষাঢ় আমি আসছি, তুমি নিতে এসো।
তোমার হাতে এক গুচ্ছ কদম রেখো।
আর আমার গায়ে থাকবে, মেঘকালো শাড়ি;
তোমার গায়ে আকাশী নীল পাঞ্জাবী।
আমার পায়ে রিনিঝিনি নূপুর, আর লাল আলতা আঁকা।
আর তোমার চোখে স্বপ্ন, আমাকে আলিঙ্গনের আকুতি।
অপেক্ষার প্রহর তোমার কাটছে না? আমি জানি।
আর জানি বলেই, আত্মহারা আমি সব ছেড়ে তোমার কাছেই আসছি।
আসছি ওই কাল বৈশাখীর পিঠে চরে।
আমার হাসি কান্নার জলে তোমাকে ভিজিয়ে নিব।
আলতো করে জড়িয়ে রেখো আমায়,
আমি তোমার তপ্ত হৃদয়ে আমার স্নেহের পরশ বুলিয়ে যাবো।
রাতভর গল্প হবে, ঘুম থাকবে না কারও চোখে।
নির্জন দূপুরে,কেউ যখন থাকবে না,
ঝমঝমিয়ে নেচে যাবো, উঠন,আমতলা, কলতলা,পুকুর আর-
আর তোমার হৃদয় জুড়ে। তুমি মাঝে মাঝে হাত বাড়িয়ে ছুঁইয়ে যাবে।
তোমার হাত গড়িয়ে মাটিতে লুটোপুটি খাবো।
আর আমার পরশ তোমার সারা মুখে মাখিয়ে নিবে।
এই হুটোপুটিতে কেটে যাবে, একে একে দুইটি মাস।
ভাদ্র মাসেই আমার ছুটি শেষ, তুমি আসার সময় জেদ করো না।
তুমি বড্ড বেশি ছেলেমানুষ, তোমাকে ছেড়ে আসতে আমারও যে কষ্ট হবে।
তোমার কান্না ভরা চোখ মুছে দেখো, আমার আঁচল গড়িয়ে তোমার বিরহ ঝরবে।
এইবার কিন্তু হাসতে হবে, উজ্জ্বল রোদের মতো।
এরপর আমাকে চিঠি দিবে রোজ, শিউলি তলার গাছটাতে ফুল গুলোর কথা,
কাশফুল আর ঈদের সকাল, পুজার সন্ধ্যাগুলো কেমন হবে আমাকে জানিও।
কুয়াশা ঢাকা মাঠটার কথা, নবান্নের কথা, শীতের পিঠা কত খেলে;
আমাকে জানিয়ে চিঠি লিখো। বসন্তের ফুলের কথা লিখো, কোকিলের কথা লিখো।
মাত্র দুটো মাস তারপর, কেটে যাবে দেখতে দেখতে।
এরপর আবার আমাদের ভালোবাসার বর্ষা।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



