ছিলাম শাহবাগে, প্রায় ঘন্টা দুই। কিছু উপলব্ধি...
এক, আন্দোলনের অনেকাংশই গণমানুষের হয়ে গেছে। বিভিন্ন মঞ্চের দেশাত্ববোধক গানের সাথে সাথে পাশের চা বেঁচা ছেলেটাও সুর মেলাচ্ছে। খুব সুন্দর একটা দৃশ্য। যারা ওখানে আছেন সবাই খুব উপভোগ করছেন সময়টা।
দুই, প্রতিটা মঞ্চের মাঝেই প্রতিযোগিতা চলছে কে কার চেয়ে জোরে মাইক বাজাতে পারে। একটা মঞ্চ থেকে একটু দূরে সরলেই কানে শুধু ক্যাচক্যাচ আওয়াজ ছাড়া কিছুই আসেনা। এতোদিন হয়ে গেলো আন্দোলনটা। সাউন্ড সিস্টেম আরেকটু ভালো করা যায় কিনা এ ব্যাপারে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
তিন, কেন যেন মনে হলো আগের দিনগুলোর চেয়ে আজকে লোক কম। হয়তো কিছুটা ক্লান্ত সবাই, হয়তো কালকের দ্বিতীয় ঘোষনাটা আর শুনেননি কেউ। যাই হোক তবুও যারা আছে অগ্নিকন্ঠই তাদের। ভালোই সামলে নিচ্ছেন ব্যাপারটা।
চার, বেশীরভাগ মঞ্চের স্লোগান, গান, নাটক পরিবেশনা খুবই সাবলীল, দ্রোহের মন্ত্রে উজ্জ্বল, আর খুব অল্প কিছু মঞ্চ কিছুটা দলীয় দোষে দুষ্ট। তাতে সার্বিক আন্দোলনের চেহারায় কোন ভাটা পড়েনি।
পাঁচ, চমৎকার একটা উপলব্ধি হলো আজ। রাজাকারের ফাঁসি চেয়ে নির্দলীয় তরুনরা যখন দেশের গানের সাথে সুর মেলাচ্ছে আমি স্পষ্ট দেখতে পেয়েছি শিরাগুলো ফুলে উঠেছে তাদের গলার। এই আওয়াজটা উঠে আসছে তাদের বুকের ভেতর থেকে। যে মানুষগুলি হয়তো মুন্নি বদনাম হুয়ি বা শীলার তালে তালে সুর মিলায়েই দিনটা অলস পার করে দিতো আজ তারাই গাচ্ছে "পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল, রক্তলাল, রক্তলাল।"
আমার মতো ছাপোষা চাকুরিজীবিরাও অফিসের পর একটা সময় করে যাচ্ছে ওখানে রাজাকারের ফাঁসি চেয়ে। দেশের প্রতি দরদ নিয়ে। সত্যিকার অর্থেই দেশকে ভালোবাসা তরুনদের বিশাল একটা অংশ আজ কীবোর্ড ছেড়ে রাস্তায় মুষ্টিবদ্ধ হাতে।
যদি দেশকে একটু হলেও বদলে দেয়া যায় তবে সেটা সম্ভব তারুন্যের এই শক্তিকেই কাজে লাগিয়ে। আমার হঠাত করেই মনে হলো, আজ যদি শাহবাগ থেকে ঘোষনা আসে শপথের, ঘোষনা আসে আর জীবনে কোনদিন দেশের ক্ষতি হয় এমন কিছু করবোনা, কোন দূর্নীতি অন্যায় প্রশ্রয় দিবোনা, আজীবন মায়ের মত ভালোবাসবো দেশটাকে...আমার মনে হয় সবাই সেই শপথে এক কথায় অংশ নিবে। এই বিশাল তারুন্যস্রোত থেকেই বের হয়ে আসবে সোনার ছেলেরা। একটাই কামনা, এই তারুন্য যেন সফলকাম হয়। কোন দলীয় পরিচয় যেনো এদের ঘিরে ফেলতে না পারে। সকল অন্যায়ের বিরুদ্ধে তারুন্যের এই পদক্ষেপ স্যালুট-যোগ্য।
পরিশেষে, রাজাকারমুক্ত বাংলাদেশ চাই।
বাংলাদেশ দীর্ঘজীবি হোক।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



