আজকের বিডিনিউজে একটি নিউজ পড়ে থাকবেন বোধহয় সবাই। বিটিআরসির সাইবার ক্রাইম প্রতিরোধে বিশেষ টিম (বিডি-সিএসআইআরটি) ১২টি ব্লগ ও ফেসবুক পেজ বন্ধ করে দিয়েছে । যদিও তারা মাত্র ৩ টির নাম দিয়েছেঃ সোনার বাংলা, ধর্মকারী ও বাশেঁর কেল্লা ফেসবুক পেজ। এই CSIRT টিমটি কিভাবে আমার পুরাতন ফেসবুক আইডি "বিডি আইডল" এর পিছনে লেগেছিলো তার ক্ষানিক ইতিহাস বলবো আজকে।
ফেসবুকে যারা আমার বন্ধু তালিকায় এবং সাবস্ক্রাইবার হিসেবে ছিলেন (সংখ্যাটি মোট ৮,০০০ এর মত ছিলো) তারা জানতেন ফেসবুকে আমি বাংলাদেশের সমকালীন রাজনীতি নিয়ে প্রচুর কোলাজ ছবি/কার্টুন প্রকাশ করতাম। স্যাটায়ার ধর্মী এইসব ছবির প্রায় ৯৫% ভাগই ছিলো আমার তৈরি করা। ফেসবুকের সেই আইডিতে আমার আপলোড করা ছবির সংখ্যা ছিলো ৪৫০০ এর মত, যার একটা বড় অংশ ধরেই থাকতো এইসব স্যাটায়ার।
গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরের দিকে হঠাৎ একদিন দেখি একটি ছবি সরিয়ে ফেলার জন্য মেসেজ এসেছে। অনুরোধটা এসেছে সিএসআইআরটি এই আইডি থেকে। ছবিটা ছিলো শেখ হাসিনার সাথে মনমোহন সিংয়ের একটি ছবি। বাংলাদেশে আজকে কেউ পাদ দিয়ে মারা গেলে কালকে তার নামে ফেসবুকে আইডি/ফ্যানপেজ খোলা হয়, আমিও ভাবলাম এইরকম কিছু। ইগনোর করলাম। এর সপ্তাহ দুই পরে আবার রিকুয়েস্ট আসলো আর একটি ছবি সরানোর। সেটাও শেখ হাসিনার। বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা চলাকালীন স্টেডিয়ামে গিয়েছিলেন, তার একটি স্যাটায়ার। এইবার ওই নিককে একটা মেসেজ দিলাম। আপ্নারা কারা ভাই এবং এইসব ছবি সরানোর অনুরোধ করছেন কেন?
রিপ্লাইটা এই মূহুর্তে হুবুহু মনে নাই, তবে মোটামুটি যা বলেছিলো, তারা সরকারবিরোধী কর্মকান্ড মনিটর করে অনলাইনে এবং সেই অনুযায়ী অভিযোগ করে। স্বাভাবিক ভাবেই এই হরিদাস পাল আইডিরে সেই সময় ব্লক করে দেই।
এর প্রায় ২/৩ সপ্তাহ পর ফেসবকু আমার সেই আইডিটি ব্লক করে দেয়। জানতে চায় আমি আমার আসল নাম ব্যবহার করছি কিনা, করলে প্রমাণ দেও ইত্যাদি ইত্যাদি। আমার নাম-ঠিকানার সব প্রমাণই আমি দিলাম, সাথে বললাম আমি ছদ্মনাম ব্যবহার করি এবং নিজেকে নিরাপদে রাখার জন্যই করি। সাথে এও জানালাম আমার সাথে সংযুক্ত ৮০০০ ফ্রেন্ড এর মধ্যে ৮০% ভাগই ছদ্মনাম ব্যবহার করে।
অতি তড়িৎ জবাবে তারা যা জানালো তা মোটামুটি এইরকমঃ তাদের পলিসি ছদ্মনাম সাপোর্ট করে না এবং তারা আমার এই আইডির বিরুদ্ধে একটি সরকারী সংস্হার কাছ থেকে অভিযোগ পেয়েছে। তারা অত্যন্ত দুঃখিত কিন্তু আমার সেই আইডি তারা আর ফেরৎ দিবে না।
CSIRT দলে কারা আছে, তাদের কর্মপরিধি কি এবং তারা আসলে কি করে, এটা সবাইকে জানানোর সময় এসেছে বোধ হয়। বিটিআরসি আশা করি আপনারা এই বিষয়ে বিবৃতি দিয়ে পরিস্কার করবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


