জামায়াত-শিবির পরিচালিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাতক্ষীরা শাখায় তালা ঝুলিয়ে দিয়েছেন সাতক্ষীরার যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সোচ্চার জনতা।
পাশাপাশি সাতক্ষীরা জাগরণ মঞ্চের পক্ষ থেকে জামায়াত-শিবিরকে অর্থের যোগানদাতা এই ব্যাংক বন্ধ ঘোষণা করা হলো লেখা একটি ব্যানার টানানো হয়েছে।
রোববার সন্ধ্যার ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
এসময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন।
খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) গাজী মো. ইব্রাহিম সঙ্গীয় ফোর্স নিয়ে এসে তালা ভেঙে অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীদের উদ্ধার করেন।
গণজাগরণ মঞ্চের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সন্ধ্যায় নিউ মার্কেট চত্বর থেকে সোমবারের হরতাল বিরোধী একটি মিছিল বের হয়। এদিকে, হরতাল সফল করতে জামায়াত নেতারা সঙ্গীতা মোড়ে অবস্থিত ইসলামী ব্যাংকে গোপন বৈঠক করছেন শুনে মিছিলকারীদের কয়েকজন ওই ব্যাংকে তালা ঝুলিয়ে দেন।’
ইসলামী ব্যাংকের সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তারা ব্যাংকের দৈনন্দিন কাজ শেষ করে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এমন সময় শহরের নিউ মার্কেট এলাকায় অবস্থিত জাগরণ মঞ্চ থেকে একটি মিছিল এসে বাইরে থেকে একটি তালা লাগিয়ে দেয়। পরে পুলিশ এসে তালা খুলে দেয়।
সাতক্ষীরা সদর থানার ওসি গাজী মো. ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



