somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প: টিলাবাড়ি

০৯ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন পর প্রিয়তম শিষ্যকে দেখে প্রসন্ন হলেন তিনি। সেই সঙ্গে খানিকটা বিস্মিতও হলেন যেন। বিস্মিত হলেন-কেননা, দীর্ঘদিন ধরে তিনি কোনও কিছুতেই প্রসন্ন হন না। তেষট্টি বছর বয়সের হৃৎপিন্ডের সেই সফল শল্যচিকিৎসার পর থেকেই তিনি আর কোনও কিছুতেই কেন যেন প্রসন্ন বোধ করেন না। কাজেই, অনেক দিন পর প্রিয়তম শিষ্যকে দেখে প্রসন্ন হলে তিনি খানিকটা বিস্মিতও হলেন । গুরুর বয়স এখন প্রায় সত্তরের কাছাকাছি । বিদগ্ধ বৃদ্ধ । বিদগ্ধ ও প্রভূত জ্ঞানী। যদিও এখন নশ্বর দেহটি পরিত্যাগের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। বিভিন্ন ভাবে জ্বরাগ্রস্থ তিনি।
এখন এই জানুয়ারির শীতবেলার অপরাহ্ণ। এবং তিনি গা এলিয়ে বসে আছেন একটি ইজিচেয়ারে একতলার এবি কাঠের বারান্দাটির ওপর । ফুরফুরে সোনালি রোদ এসে পড়েছে কাঠের মেঝয়, ইজিচেয়ারের পায়ার কাছে। রবীন্দ্রনাথের মতন তাঁর ধবধবে দাঁড়িতে । গুরুর ঈষৎ লম্বাটে মুখটি বলিরেখাপূর্ন এবং গোলাপি কপালে কয়েকটি গভীর ভাঁজ; পাকা ভুরু, পুরু কাচের চশমা। রোদ, এসবের ওপরও পড়েছে। তিনি বললেন, আমি বেশি দিন বাঁচব না আশরাফ। এসেছ যখন- যতদিন বেঁচে আছি পাশে থেক।
আশরাফ সম্মত হয়। বহুদেশ বহু রাজ্য ঘুরে তবেই সে ফিরেছে গুরুগৃহে। এখন কটা দিন এখানে থাকাই যায়। আর, জায়গাটাও সুন্দর: নির্জন পার্বত্য এলাকা। গুরু আগে বাস করতেন রাজধানী শহরে। এখন খাগড়াছড়ির এই পার্বত্য এলাকায় নির্জনবাস করছেন। এসব ভেবে আশরাফ সূর্যমূখিগাছে ভরা বাগানের দিকে তাকায়। ওপাশে একটা কামরাঙা গাছ। অজস্র টিয়াপাখি গাছটাকে ছেকে ধরে চিৎকার করছে। এই কাঠের বাড়িটির ছায়া কামরাঙা গাছের ছায়ার সঙ্গে মিশেছে। ছোট্ট পাহাড়ি টিলার ওপর দোতলা বাড়ি । জায়গার নাম মাটিরাঙা। মাটিরাঙা উপজেলা। জেলা খাগড়াছড়ি। টিলাটা পিলাক নদীর পাড়ে শুখনাছড়ি বাজারের কাছে। বাজার ছাড়িয়ে ঘন বাঁশের বনের ভিতর দিয়ে উত্তরমুখি পথটি চলে গেছে তালিয়াফং পাড়ার দিকে। একটা পুকুর। একটা টিনসেডের স্কুল। কালো রঙের বড় একটা সাইনবোর্ডে সাদা সাদা মোটা অক্ষরে লেখা- ‘ তালিয়াফং পাড়া বনবীথি পাঠশালা।’
সাদা রং করা কাঠের গেট। সেদিকে চোখ যেতেই আশরাফ বিস্মিত হয়। অপরাহ্নের রোদে দেখতে পায় একজন নারীকে। মধ্যবয়েসী। ভরাট শরীর। মুখটি শ্যামলাটেই মনে হল। চশমা পরা। সাদা শাড়ি; নীল পাড়। শীত বলেই ধূসর রঙের একটা শালও জড়ানো। সিঁড়ির কাছাকাছি চলে এসেছে। থমকে দাঁড়িয়েছে। দেখতে পেয়েছে আশরাফকে। দুচোখে বিস্ময়। এরপর না দাঁড়িয়েই তাড়াহুড়ো করেই যেন সিঁড়ির দিকে চলে গেল। গুরু বললেন, লায়লা। রাজুর বউ। রাজুকে তো তোমার মনে থাকার কথা?
আশরাফ মাথা নাড়ে। তার মনে আছে রাজু ভাইকে। রাজু ভাই তার চেয়ে বছর দুয়েক বড়ই হবে। ফরসা । একমুখ দাঁড়ি। চশমা পড়া। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত। জলদ গম্ভীর কন্ঠস্বর। আবৃত্তি করতেন।
রাজু আর ফিরল না। গুরু বললেন। ও জার্মানি চলে গেল। তুমিও তো জার্মানি ছিলে বললে?
হ্যাঁ।
বিয়ের পরপরই গেল রাজু। লায়লা স্বামীর সান্নিধ্য পায়নি।
ওহ্।
একটু পর তাইনডং নিচে নেমে আসে। ছেলেটি গুরুর শিষ্য। প্রায় কিশোর। হলুদ রঙের মুখ। পাতলা বাদামী চুল। কালো জিন্সের ওপর নীল রঙের পুলোভার পরেছে। যাঃ শীত! বাগান পেরিয়ে কাঠের গেটের কাছে পৌঁছে গেছে তাইনডং । তা, তাইডং এখন যাচ্ছে কই? হাতে ভাঁজ করা বাজারের থলে। বাজারে সম্ভবত। এইবেলা কি আর পাবে? মাছটাছ ... আজ দুপুরে আশরাফ যখন শুখনাছড়ি বাজারের কাছে কিছুটা অসহায়ভাবে ঘোরাঘুরি করছিল তখন অনেকটা কাকতালীয়ভাবেই তাইডংয়ের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল তার। তাইডংই আশরাফকে ‘টিলাবাড়ি’ নিয়ে এল। এই বাড়ির নাম টিলাবাড়ি। গুরু বললেন, লায়লা স্থানীয় একটা স্কুলে পড়ায়। স্কুলের নাম বনবীথি। ঐ তাইনডং এর জ্ঞাতিগুষ্ঠির ছেলেপিলেরা পড়ে। স্কুলটা শুখনাছড়ি বাজারের কাছে। আসার পথে দেখেছ নিশ্চয়ই?
হ্যাঁ।
লায়লার সময় কাটে না। কী করবে। কত করে বিয়ে করতে বললাম। রাজী হল না।
ও।
লায়লা এল। নতুন একটা সুগন্ধী ছড়ালো বাতাসে। লায়লার হাতে একটা বেতের ট্রে। তাতে তিনটে চায়ের কাপ আর একটা প্লেটে টোস্ট বিসকিট। এরই মধ্যে শাড়ি বদলে নিয়েছে লায়লা। ট্রেটা টেবিলের ওপর রেখে লায়লা শ্বশুরের দিকে তাকাল। গুরু বললেন, লায়লা। এ হল আশরাফ। ও তখন বিশ্ববিদ্যালয়ে পড়ত। তখনই অজয়দা ওর সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছিল। রাজুর সঙ্গে তখনও তোমার বিয়ে হয়নি। তো, আশরাফ ভালো ছাত্র ছিল। পাশ করে বাইরে চলে গেল। এতদিন পর গুরুর খবর নিতে এসেছে।
কোথায় ছিলেন আপনি? বসতে বসতে জিজ্ঞেস করল লায়লা।
হাইডেলবার্গ ... মানে জামার্নি।
ও। তা - একাই এসেছেন? ফ্যামিলি ...মানে ...
গুরু এবার হেসে বললেন, আরে, ওও তোমার মত লায়লা। ঘরটর বাঁধেনি। জন্মবিবাগী মানুষ একটা।
ওহ্। নিন। চা নিন।
নিচ্ছি। থ্যাঙ্কস। আশরাফ ঝুঁকে পড়ে।
তা কীভাবে মাটিরাঙার ঠিকানা পেলেন?
চায়ে চুমুক দিয়ে আশরাফ বলল, আলী ভাইয়ের কাছে।
আলী ভাই ...মানে? লায়লা খানিকটা বিমূঢ় ভঙ্গিতে শ্বশুরের মুখের দিকে তাকাল।
গুরু বললেন, আলী ভাই মানে, ইলিয়াস আলী সরকার। নিউমার্কেটে ফোটোগ্রাফির দোকান ছিল সেভেনটি এইটে। এক সময় পার্টি করত। এখন নাকি তবলীগ করে।
ও।
চা শেষ হল। আশরাফের সিগারেট খেতে ইচ্ছে হল। অনেতক্ষণ সিগারেট খাওয়া হচ্ছে না। ও উশখুস করে। গুরু বললেন, লায়লা। যাও আশরাফকে ওপরে নিয়ে যাও। বাঁ দিকের ঘরটাই খুলে দিও। পিলাক নদীটা তাহলে ওর চোখের সামনে থাকবে। আার নদী দেখবে কি-সন্ধ্যে থেকে যা কুয়াশা পড়ে এখানে।
ওরা উঠে দাঁড়াল।
আর শোন-
ওরা থমকে দাঁড়াল।
আমার কিছু হলে পিলাকেই ভাসিয়ে দিও। আমি আজীবন সংশয়ী মানুষ।
আশরাফ টের পেল: লায়লা ঘন করে দীর্ঘশ্বাস ফেলল।
দোতলায় উঠতে উঠতে বহুদিন বাদে আশরাফ আশ্চর্য এক বুনোফুলের গন্ধ পায়। আর, সেই সঙ্গে তীব্র শীত যেন ওকে জেঁকে ধরে। এরকম আশ্চর্য এক বুনোফুলের গন্ধ একবার সে পেয়েছিল বহুদিন আগে যখন ... যখন লালমনিরহাটের মেজ ফুপুর বড় মেয়ে স্বপ্না ইডেনে অনার্স পড়বে বলে ওদের বাড়ি এসে থাকতে শুরু করল ...সে সময়। সেই স্বপ্নার দেহ থেকে এক আশ্চর্য বুনোফুলের গন্ধ বেরোত ... আশরাফ স্বপ্নার প্রেমে পড়ে গিয়েছিল। সেইসব দিনে আশরাফ রাত জাগত। কবিতা লিখত -

আমাদের পৃথিবীতে আশ্চর্য সব বিকেল আসে
হলুদ আলোর সে সব বিকেলে শিশুরা খেলা করে
বেপরোয়া শিশুদের দল-
পিতামহের কবরের ওপর দাঁড়িয়ে
ওড়ায় ঘুড়ি, বঙ্গবন্ধুর পোস্টার ছিঁড়ে ফেলে
চেনে না ভাসানীকে-মাওলানা যার নাম ...

স্বপ্না। মধ্যরাতে চা করে খাওয়াত। কাঁপা কাঁপা হাতে সিগারেট নিয়ে আধোঅন্ধকার বারান্দায় বসে থাকত তরুণ কবি। স্বপ্না কাছে আসত। বসত। সিগারেটের গন্ধ ছাপিয়ে এক আশ্চর্য বুনোফুলের গন্ধ পেত তখন। অনেকটা নির্জনচরের দাম আর অজানা লতার গন্ধের মতন, শিশির ও ঘুমন্ত পাখির ওম মেশানো সেই গন্ধ। আজ এই মুহূর্তে সেরকমই এক বুনোফুলের আশ্চর্য এক গন্ধ পাচ্ছে আশরাফ লায়লার পাশাপাশি দোতলায় উঠতে উঠতে ...দোতলার ঘরটা বেশ বড়। ঢুকতেই কাঁচা বাঁশের গন্ধ পেল আশরাফ। কাঠের মেঝে ও দেয়াল। খাট-পালঙ্ক কিছুই নেই। মধ্যিখানে মেঝের ওপর মাদুর পাতা। আর একটি মাটির কলস। কালো রঙের। ঘরলাগোয়া ছোট বারান্দা। রোদে ভরে আছে। বারান্দায় যেতেই ওপাশের ইউক্যালিপটাস গাছঘন সারি চোখে পড়ল। তখনও সোনা রং লেপ্টে আছে।
লায়লা পাশে এসে দাঁড়াল। ঠিক তখনই বুনো মোরগের ডাক শুনতে পেল আশরাফ। আর দূরের বাঁশবনের ঝিঁঝির ডাক। হাত তুলে লায়লা বলল, ঐ যে ... ঐ যে পিলাক।
ও।
আশরাফের খুব কাছে এসে দাঁড়িয়েছে লায়লা । আশরাফ তাপ টের পায়। লায়লা মুখ তুলে বারবার আশরাফের মুখের দিকে তাকাচ্ছে । মধ্যবয়সী নারী। কিশোরীর মতন লজ্জ্বাকাতর তো আর নয়। এই বয়েসে কেউই তৃষ্ণা লুকায় না ... আশরাফের তখন চায়ের তৃষ্ণা পেয়েছিল। চা খেয়েছে। তারপর সিগারেটের তৃষ্ণা পেল। আশরাফের এই মুহূর্তে আর সিগারেট ধরাতে ইচ্ছে হল না।সব কিছু ছাপিয়ে সেই আশ্চর্য বুনো গন্ধটা ফিরে ফিরে আসছে।
রাতে খেতে বসে গুরু বলছিলেন, ...১৯৭৪। দেশে জরুরি অবস্থা জারি করেছে মুজিব সরকার। আমি আর সিরাজ ভাই আত্মগোপন করার সিদ্ধান্ত নিই। ১৯৭৫। আমরা তখন চট্টগ্রামে । এইরকমই শীত ছিল তখন। আমরা হালিশহরের একটা বাড়িতে লুকিয়ে ছিলাম। গোয়েন্দারা কী ভাবে যেন টের পেল। বাড়িটা ঘিরে আমাদের অ্যারেস্ট করে সোজা বিমানবন্দর। তারপর ঢাকা। ২ জানুয়ারি। ঢাকার তেজগাঁও বিমান বন্দরে আমাদের জিপে তুলল। গন্তব্য: সাভারে রক্ষীবাহিনীর ক্যাম্পে। জিপ চলছে। জিপে কয়েকজন পুলিশ অফিসার ছিল। হঠাৎই শালবনের পাশে জিপটা ব্রেক কষে থামল। একজন অফিসার বলল,‘ আপনারা মুক্ত। পালান।’ আমি আর সিরাজভাই হতভম্ব হয়ে জিপ থেকে নামলাম। একজন অফিসার চিৎকার করে উঠল, ‘পালান!’ আমরা দৌড় দিই। হঠাৎ গুলির শব্দ। দেখলাম সিরাজভাই পড়ে গেলেন। আমাকে তারা গুলি করেনি। কী কারণ। কে জানে। আজও বেঁচে আছি। বলে গুরু খানিকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, সিরাজ ভাইয়ের ডায়েরি আছে। তাতে লেখা: ১৯৪৪ সালের ২৭ সেপ্টেমবর আমার জন্ম। শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ। ডায়েরিটা লায়লার কাছে আছে। সম্ভব হলে সম্পাদনা করো আশরাফ। সেই সময়ের অজানা অনেক তথ্য পাওয়া যাবে।
আচ্ছা। দেখব আমি কী করা যায়।
খাওয়ার পর দোতলায় উঠে এসে বারান্দায় বসে সিগারেট ধরালো আশরাফ।
লায়লা এল আরও পরে। তখন সিগারেট শেষ। লায়লা এসে পাশে বসল। বলল, আপনার কোনওরকম অসুবিধে হচ্ছে না তো?
আশরাফ মৃদু হাসে। অন্ধকারে কুয়াশায় বোঝা যায় না।
বলবেন না। তা জানি।
না। অসুবিধে হচ্ছে না তো। রান্না পছন্দ হয়েছে?
হ্যাঁ।
কোন্টা বেশি ভাল লাগল?
মাছ।
ও। ওটার পিলাক নদীর শোল। তাইনডং এর বোয়ের কাছে রান্নাটা শিখেছি। উনছিপ্রাং রাঁধে ভালো। কাল আপনাকে শজারুর মাংস খাওয়াব। যদি শুখনাছড়ি বাজারে পাওয়া যায় তবেই। শজারু তো প্রতিদিনই ওঠে না। দাঁড়ান আপনার জন্য চা নিয়ে আসি।
চা নিয়ে ফিরতে ফিরতে পিলাক পাড়ে কুয়াশা আরও ঘন হয়ে ওঠে। আশরাফ চায়ে চুমুক দেয়। লায়লা বলতে থাকে-রাজু। মানে আমার স্বামী। শুনেছেন বোধহয় জার্মানি গিয়ে আর ফেরেনি। আজও বেঁচে আছে কি না জানি না। আশরাফ ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলে। কত কী যে মনে পড়ে যায় তার। গুরু তখন কলাবাগানে থাকতেন। প্রায়ই সে বাড়িতে যেত আশরাফ। রাজু ভাই বন্ধুদের নিয়ে লনে ক্রিকেট খেলতেন । খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটলেও ভালো লেগস্পিন করতেন ...পরে আর কলাবাগানের বাড়িতে যাওয়া হয়নি। স্বপ্না একদিন পালিয়ে গেল। ওর প্রেম ছিল বোঝা যায়নি। কবি বলেই স্বপ্নার প্রতি আশরাফের অনুভূতিটা ছিল গভীর। স্বপ্না টের পায়নি। টের পেলেও লাভ হত না। ও ওর প্রেমিকের প্রতিই ছিল দায়বদ্ধ। দুঃসহ মানসিক যন্ত্রণার হাত থেকে বাঁচতে নেশা ধরেছিল আশরাফ। পরে দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে সব কথা মনে করে দীর্ঘশ্বাস চেপে আশরফ বলল, রাজু ভাইকে আমার কখনও হুইমজিক্যাল মনে হয়নি। তা হলে রাজু ভাই ফিরে আসতেও পারে।
নাঃ। তা কি করে সম্ভব?
আমি তো এলাম।
কথাটা শুনে লায়লা চুপ করে থাকে। লায়লা তারপর বলল, বাবা, মানে আপনার গুরু...আবার বিয়ের জন্য চাপ দিয়েছিল। আমিই রাজী হয়নি।
কেন?
তখন শ্বাশুড়ি মারা গেলেন। বাবা একা হয়ে গেলেন। তাই।
ওহ্।
বাবার ইচ্ছে আপনার সঙ্গে আমার বিয়ে হোক।
গুরু আপনাকে কিছু বলেছেন? আশরাফ রীতিমতো বিস্মিত।
না। লায়লা বলল। সেভাবে কিছু বলেনি। তবে আমি বুঝতে পারি। অনেক কাল একসঙ্গে থাকছি। আর এটা ওনার শেষ ইচ্ছে। ছেলে আর ফিরবে না। আমাকে আপনার হাতে তুলে দিয়ে নিশ্চিন্তে চোখ বুঁজবেন।
আশরাফ বলল, আমি ঠিক করেছি আমি আর এ জীবনে সংসারে জড়াব না।
আমি সেও বুঝেছি। আমি শুধু বলব: বিয়েটা হোক। বাবা বেশিদিন বাঁচবে না। তখন না হয় ...। তখন না হয় ...আপনি। যেখানে
কী ভেবে আশরাফ রাজী হয়ে যায়। গুরুকে শান্তি দিতে হবে। তাঁর শেষ বয়েসে। সেই সময়টায় অনেক করেছেন গুরু ...সেই অস্থির সময়ে ...বই দিতেন ...পরামর্শ দিতে ...ে দিতেন ...
পরের দিন । সকাল থেকেই টিলাবাড়ির ঘরদোর অতিথিতে অতিথিতে ভরে গেল ; অতিথিরা প্রায় সবাই-ই তাইনডং এর জ্ঞাতীগুষ্ঠি। এরাই তালিয়াফং পাড়ার অধিবাসী। জাতে বৌদ্ধ। সাদা পাঞ্জাবি পর পয়তাল্লিশ বছরের আশরাফকে বারবার ঝুঁকে প্রণাম করতে করতে অস্থির। লায়লা ক্যাজুয়াল ড্রেসই পরেছে। কালো ব্লাউজ। কালো পার নীল শাড়ি। স্বপ্না কে হয়তো এ বয়েসে এমনই দেখাত। অলখে দীর্ঘশ্বাস ফেলে আশরাফ। গতকাল রাতে লায়লা বলেছিল: কাল আপনাকে শজারুর মাংস খাওয়াব। যদি শুখনাছড়ি বাজারে পাওয়া যায় তবেই। শজারু তো প্রতিদিনই ওঠে না। দুপুরে খেতে বসে লাল লাল ভাতের সঙ্গে ছোট ছোট আলু দিয়ে শজারুর লাল লাল মাংস তৃপ্তি ভরে খেল আশরাফ। এক ফাঁকে লায়লা বলল, শজারুটা তাইনডং এর বোয়ের রান্না। আজ আমি রাঁধিনি। ইজিচেয়ারে শুয়ে থেকে গুরু সবই দেখলেন। তাঁর রবীন্দ্রনাথের মতন ধবধবে দাঁড়ি। ফ্যাকাসে হলেও উজ্জ্বল চোখমুখ। ভীষনই প্রসন্ন দেখাচ্ছিল তাঁকে। মুখে স্মিত হাসি ছিল।
সন্ধ্যার পর গুরু ভীষনই কাশতে শুরু করলেন। তাইনডং দৌড়ে গিয়ে শুখনাছড়ি বাজার থেকে ডা. খাস্তগীরকে ডেকে আনল। তারপরও বৃদ্ধের ফ্যাকাশে মুখটা কেমন নীলচে কালো হয়ে যেতে থাকে। লায়লা ফিসফিস করে বলল, আমি জানতাম।
আশরাফ অবাক। মানে?
কালরাতে আমি রাজুকে স্বপ্ন দেখেছি।
ও।
মাঝরাতের একটু আগে গুরুর দেহটি নিথর হয়ে গেল। আশরাফ অবাক হয়ে যায়। কেননা, অনেক অনেক দিন আগে ঢাকার তেজগাঁও বিমান বন্দর থেকে জিপ এ করে গুরুকে আর সিরাজ সিকদারকে সাভারে রক্ষীবাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছিল। সেদিনও ছিল ২ জানুয়ারি। হঠাৎ জিপ থামিয়ে একজন পুলিশ অফিসার বললেন, আপনারা মুক্ত। পালান। গুরু আর সিরাজ সিকদার হতভম্ভ হলেও দৌড় দিলেন। গুলির শব্দ। সিরাজ সিকদার মাটিতে পড়ে যান। ওরা গুরুকে গুলি করেনি। কী কারণ .... কে জানে। আজ ২ জানুয়ারি। আজ গুরু দেহত্যাগ করলেন।
তালিয়াফং পাড়ার অধিবাসীরা এসে জড়ো হয়েছিল। ওদের হলদে মুখগুলি থমথম করছিল।
লাশটা একটা বাঁশের মাচায় তোলা হল। পিলাক নদীটা কাছেই। কুয়াশা সত্ত্বেও এক ধরনের আলো ছিল। আজ আর ঝিঁঝিরাও ডাকছিল না। এমন শূন্যতা। চরাচর এমন শব্দহীন।
তাইনডং ও তার জ্ঞাতীগুষ্ঠিরা আধো অন্ধকার পিলাকের জলে গুরুর প্রাণহীন দেহটি ভাসিয়ে দিল ।
পিলাক নদী থেকে ফিরতে ফিরতে শেষ রাত। ভোর অবধি বসে থাকে নিচের বারান্দায় বসে থাকে। তারপর আশরাফ ওপরে উঠে ব্যাগটা নিয়ে নেমে আসে। লায়লা বাধা দেয় না। শুধু কাছে এসে বলে-এই নিন।
কি?
সিরাজ সিকদারের ডায়েরি।
ও।
তারপর কুয়াশার ভিতর দিয়ে বাগান পেরিয়ে আশরাফ গেটের বাইরে এসে দাঁড়ায়। শেষবারের মত টিলাবাড়িটার দিকে তাকায়। সাদা ঘন কুয়াশা ছাড়া দেখা যায় না কিছু। তারপর একটা সিগারেট ধরিয়ে ঘুরে তালিয়াফং পাড়ার বাঁশঝাড়ের ভিতর দিয়ে হাঁটতে থাকে। শুখনাছড়ি বাজারে পৌঁছে খাগড়াছড়ি সদরে যাওয়ার বাস ধরবে। এত কুয়াশা। এত ঘন। এত সাদা ...আর ...কে যেন আসছে। এদিকেই ... খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে লোকটা।
রাজুভাই?
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৯
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লাল ব্রীজ ছোঁয়ার স্বপ্ন

লিখেছেন চারাগাছ, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২০



আমার নানাবাড়ি যেতে হলে পদ্মা নদী পার হতে হতো। ঘাটে ফেরীর জন্য অপেক্ষা করাটাও ছিল এক ধরনের আনন্দ। ফেরী কিংবা ফেরীঘাট—দুটোই ছিল আমার কাছে দারুণ মজার জায়গা।

ঘাটের... ...বাকিটুকু পড়ুন

মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১

মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন

সে রাজি না

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ

সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

×