১।
ভিজে গেছে
বারান্দায় মেলে রাখা আটপৌরে শাড়ি,
দমকা হাওয়ায় কার্নিসে আটকে পরা চাদর
আর বেখেয়ালে হেঁটে চলা এই আমি।
আর তখনও
রাস্তার ধারে বৃষ্টি আগলে বসে
খুচরো পয়সা গুনে চলে যে ভিখিরি বুড়ি
মা
যেটুকু চেয়েছ, মুঠো ভরে সব
দিয়ে যেতে চাই,
দুপুর বা জেগে থাকা অসুখের
রাতগুলো
কতদিন কতখানি পেরোলে ভুলে
যেতে পারি সব!
ভিজে গেছে
ধুলো মাখা পথ যতদূর যায়
ভেসে বেড়ায় উষ্ণ মাটির সোদা গন্ধ
আর হঠাত্ কোনো এক প্রান্তে এই
আমি।
আর তখনও
রাস্তার ধারে জুবুথুবু বোকা
ভালবাসা কিছু পাব বলে
হাত পেতে বসে থাকি
মুঠো জল, যেটুকু চেয়েছ সবটুকু
দিয়ে দিই।
২।
বৃষ্টি নামল,
ভিজিয়ে দিয়ে গেল
বুক পকেটে রাখা বিবর্ণ চিরকুট-টা।
কথা ছিল ভাঁজে ভাঁজে
যখন কেটে কয়েক টুকরো হয়ে
যাবে
আরও কিছু টুকরো করে উড়িয়ে দেব
অচেনা কোন পাহাড়ের ওপর থেকে,
ভাসতে ভাসতে কোন টুকরো
হয়তো
ছুঁয়ে দেবে উড়ে ফেরা এক ফালি
মেঘকে।
অনেক গোপন কথা জমানো আছে,
কথা ছিল সময় করে
সব কিছু লিখে হালকা করে ফেলবো
মনের কুঠুরিগুলো আর বুক পকেট-টা;
বৃষ্টি নামল,
ভিজিয়ে দিয়ে গেল
বুক পকেটে রাখা সেই-সব ভাবনাগুলো।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৬ রাত ১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



