মিনিকেট চাল নিয়ে বিতর্ক অনেক দিনের। ঢাকাসহ দেশের অসংখ্য সচ্ছল পরিবারে মিনিকেট চালের ভাত খাওয়া হয়। কোত্থেকে আসে এত মিনিকেট চাল? মিনিকেট নামে কোনো ধান আদৌ আছে কি? এমন সব প্রশ্ন এরইমধ্যে উঠেছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মিনিকেট চালের গুমর ফাঁস করে দিয়েছে খোদ কৃষি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মোটা চাল আধুনিক মেশিনে চেঁছে চিকন করা হয়। পরে কৃত্রিমভাবে তা সাদা করে মিনিকেট নামে বাজারে বিক্রি করা হয়। গত ২৩ মে কৃষি মন্ত্রণালয়ের এফএ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শওকত আলী স্বাক্ষরিত মিনিকেট ধান ও চাল সম্পর্কে এক বিশদ প্রতিবেদন বাণিজ্যসচিব মো. গোলাম হোসেনের কাছে পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, 'মোটা-লম্বা জাতের ধান বিশেষ করে বিআর-২৮ জাতের ধান রাবার রোলারে ক্রাসিং করে মিনিকেট নামে বাজারজাত করছেন চালের মিল মালিকরা। অভ্যন্তরীণ বাজারে প্রচুর পরিমাণ মিনিকেট চালের সরবরাহ লক্ষ্য করা গেলেও সব চাল আসল মিনিকেট নয়। সাধারণভাবে চাল দেখে বোঝা না গেলেও ভাত রান্নার পর আকৃতির ধরন দেখে বোঝা যায় এগুলো মিনিকেট নয়।' কৃষি মন্ত্রণালয় তাদের প্রতিবেদনে বলেছে, 'মিনিকেট চাল সরু বিধায় এ চাল দেশের উচ্চবিত্ত মহলে বেশ সমাদৃত। এ কারণে দিন দিন এ চালের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।'
গত বছরের আগস্টে এক আন্তমন্ত্রণালয় বৈঠকে খাদ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়কে বলে, বাজারে যত মিনিকেট চাল পাওয়া যায়, এর এক-চতুর্থাংশ পরিমাণ মিনিকেট ধানও দেশে উৎপাদিত হয় না। তা ছাড়া মিনিকেট বছরে একবারই উৎপাদন হয়। তাহলে সারা বছর এত মিনিকেট চাল আসে কোথা থেকে? একশ্রেণীর মিলমালিক আধুনিক মেশিনে মোটা চাল কেটে চিকন করে। তারপর ডিসটিল্ড ওয়াটার ব্যবহার করে তা সাদা করে মিনিকেট নামে বিক্রি করছে। ক্রেতারাও মিনিকেটের নামে মোটা চাল কিনছে।
মিনিকেট ধানের উৎপাদন ও এত বেশি চালের উৎস সম্পর্কে জানতে কৃষি মন্ত্রণালয়ের যে অনুসন্ধানী প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো হয়েছে, তাতে বলা হয়েছে, "বাংলাদেশে মিনিকেট নামে যে উফশী ধান বিভিন্ন অঞ্চলে কমবেশি চাষ হচ্ছে, তা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত বা অনুমোদিত কোনো জাত নয়। এটি ভারতীয় জাত। খুলনা ও রাজশাহী বিভাগের সীমান্তবর্তী কয়েকটি জেলা- যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, দিনাজপুর, রাজশাহী ও নওগাঁ অঞ্চলে ১৯৯০ সালের দিকে এ ধানের চাষ শুরু হয়। কৃষকরা নিজ উদ্যোগে সীমান্তের ওপারে থাকা আত্মীয়দের মাধ্যমে বোরো মৌসুমে ছোট ছোট প্যাকেটে মিনিকেট ধানের বীজ সংগ্রহ করে তা থেকে চারা তৈরি করে আবাদ করে। এ ধানের প্রকৃত নাম 'মিনিকিট'। বাংলাদেশে এটি 'মিনিকেট' নামে পরিচিতি পায়। অঞ্চলভেদে এ ধানের ফলন ৪ দশমিক ৮০ থেকে ৬ টন পর্যন্ত।"
* কালের কণ্ঠের প্রতিবেদন অবলম্বনে লেখা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


