তারা বলেছিল, ছোট হও।
বড় হতে গেলে ছোট হতে হয় আগে। তুমি অনেক বড় হবে।
আমি ছোট এক ঘাসফুল হলাম।
তারপর পেলাম শুধু ধূলো আর ছাই।
তারা বলেছিল, সমর্পণ কর।
সাগরে নিজেকে সঁপে নদী পেয়েছে তার গতি। তুমি চলমান হবে।
দু'হাতে নিজেকে নিয়ে আমি সমর্পিত হলাম।
তারপর পেলাম শুধু ধূলো আর ছাই।
তারা বলেছিল, ত্যাগেই সুখ।
বিলিয়ে দাও নিজেকে, ফুলের সুগন্ধির মত। তুমি সুখী হবে।
আমি সর্বস্ব বিলিয়ে দিলাম।
তারপর পেলাম শুধু ধূলো আর ছাই।
তারা বলেছিল, ভালোবাসো।
ভালবেসে পৃথিবী জয় করা যায়। তুমি বিজয়ী হবে।
আমি অন্ধ হয়ে ভালবাসলাম।
তারপর পেলাম শুধু ধূলো আর ছাই।
তারা বলেছিল, তোমার জীবন বাজি রাখো।
মৃত্যু মহান। জেনে তাকে আলিঙ্গন করো, তুমি পাথেয় হবে।
আমি মৃত্যুকে গ্রহণ করলাম।
তারপর পেলাম শুধু ধূলো আর ছাই।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৪ সকাল ৯:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



