কিছুটা তারার সংবেদন, কিছুটা শীর্ণ মুখ
প্রগাঢ় এক ঝড়ে তুমি কেঁদেছিলে খুব; আমার
দু'হাত ধরে। শেষ অবধি আমি পারিনি তোমার
ব্যক্তিগত অসুখ সারাতে, ক্ষত যা রয়েছে গভীরে।
একাকী চলে গিয়েছো; অগ্রন্হিত নিমজ্জনে।
উড়ে উড়ে বহুদুরে নিঃশব্দ তে'তালায়-
সম্প্রতি মনে হয়, ক্ষমাই কি প্রাপ্য নয় আমার!
সেই সে ক্রমবিকশিত প্রেম, আকাঙ্খার ঊনিশ বছর-
আত্মনিবেদন। অথচ অন্যচোখে অবিবেচনা।
আমার ভেতরে নদী দেখোনি তুমি!
আমার ঘুমহীন বাগানের সবুজ লতায় কি তুমি
দু'পা জড়িয়ে, একটু দাড়িয়ে ব্যথিত হওনি কিছুক্ষণ!
জ্বালা ছিল অভাবের, নারী
আপেক্ষ ছিল অপূর্ণতার; তোমাকে না কালো হতাশায় টেনে আনি!
উপেক্ষা করেছি তো শরীরসর্বস্বতা, বিস্ময় তোতাপাখি
সিমেন্টের বিশাল কারুকাজ, নক্ষত্রময় নীলাভ খাড়ি।
ক্ষমাই কি প্রাপ্য নয় আমার!
যখন তোমার বিমর্ষ চুম্বনকে পাশ কাটিয়ে
মাখন-ঊরুর বিভ্রম পেরিয়ে, বলেছিলাম-
তোমার একফোঁটা বৃষ্টি নিয়ে আমি কাটাবো পুরোটা জীবন
তুমি শুধু আমার নদীটি নিয়ে চলে যাও দূর উপত্যকায়;
যদিও আমি ভ্রুক্ষেপ করিনি কি পেলাম, শুধু
পূর্ণিমার উথালপাথাল জোছনায় খুঁজে ফিরি
সেই একফোঁটা বৃষ্টি, যা দীর্ঘঃশ্বাসের খুব কাছাকাছি।।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




