বৃদ্ধ এক কবি পান চিবাতে চিবাতে হাত রাখল সদ্য উনিশের এক টালমাটাল তরুণীর কাঁধে;
বিষ্ণু দে পড়া সেই তরুণী যার দুঃসাহসে কোন কোন তরুন কবি হয়রান, সে তো চমকে উঠবেই; তবুও বৃদ্ধ কবির সৃষ্টিশীলতাকে সমীহ করে শুধু মুচকি হাসিই দ্রষ্টব্য হয়েছিল সেই সন্ধ্যায়!
আমাদের চলাচল সেই কাঁটা ঘেরা তমশাই যেখানে রাত্রি মানে শোকের অতুল মেদুল কোমরে খুব সুশীল খোঁজে বয়স্ক মুক্তি
হানাদার চাহনির এক একটা দৃশ্যপট যেন পূর্ণদৈর্ঘ্য হরর মুভি
নষ্ট ক্যামেরার ফাঁদ পাতা অশ্লীল এ নগরে, যখন নিভে যায় আলো অভিমানে
'কবিতায় নারীরা অপ্রতুল!' চমকে উঠার মত রিনরিনে গলায় তরুনীর আক্ষেপ কবিকে সজাগ করে;
'দেখো, এই যে প্রগাঢ় আপ্যায়ন নারীর, দেহলতার বিপুল বাঁকে কোমল হুঙ্কার, এসব মোহগ্রস্থ কিছু প্রতিভাবানের নিছক যোগ-বিয়োগ, হুমড়ি খাওয়া হাঙরের অক্টোপাশবধ
আর আমার মত কিছু সত্যভাষীর মাতাল হবার পরের স্বীকারোক্তি, যাকে প্রায়শঃ প্রেরণা বলা হয়।'
তরুনী একটু সরে দাঁড়ায়, কবি পিকের সাথে হিক্কা তুলে মেহগনির মত নাভীমূল হাতড়ায়;
আর অল্পদুরে, অন্য টেবিলে আমি সুন্দরীতমার চোখের জল কেন অমৃত নয়, এই ভেবে লিখতে থাকি ফরমায়েশী পদ্য।।
অলগেট, লন্ডন
০৭.১১.২০১৩
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


