আমি ইউহান্নার সাথে খুব চুপেচাপে ইজরাইল নিয়ে আলোচনা করেছিলাম আজ-
সে আবিসিনিয়ার কালো ইহুদী, যদিও তার দেশ এখন ইজরাইল;
মানুষের নির্ধারিত গন্তব্যের দারুণ এক ছক তার হৃদয়ে গাথা,
প্রবল সম্মোহনে সে আওড়ে গিয়েছিল ক্রমাগত বিকাশিত এক দুর্দমনীয় জাতির
গৌরবগাঁথা-
আইনস্টাইন থেকে যা কার্ল মার্কস অব্দি বিস্তৃতঃ
চোখের পলকে দেখা যায় যত বৃহৎ স্থাপনা সব বিনম্রতায় নতজানু সে দম্ভস্তম্ভে!
আমি শুধু ফিসফিস করে বলার চেষ্টা করেছিলাম-
মানুষের লাল রক্তে আমার ভীষণ ভয়!
হিটলারও পারেনি প্রকৃতির বিপরীতে বপন করতে নিশ্চিহ্ন ইতিহাস;
সময়ের পরিক্রমায় ঘটমান মুষল বুলেট কি ফিলিস্তিন নির্মূল করতে পারবে!
নাকি শিশুহত্যার অভিশাপে দ্বিতীয় কোন গজবে তলিয়ে যাবে আরব সাগরে
সুমহান বৈভবসমেত সম্মিলিত এই জাতিসত্তা-
ইউহান্না আমার প্রশ্নের জবাবে তার কালো টুপিটা পকেটে ঢুকিয়ে বলেছিল-
'আজ খুব চমৎকার রোদ, আশা করছি বারমুডাগুলো দ্রুত বিক্রি হয়ে যাবে'।
১৪ জুলাই, ২০১৪
হেনডন, লন্ডন
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৪ ভোর ৪:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




