
ফেসবুক ফেসবুক ফেসবুক...
অদ্ভুতভাবে পাল্টে যাচ্ছে জীবনের প্রকৃতি...
দ্রুতগামী অশ্বের গতির সাথে পাল্লা দিয়ে বাড়ছে বন্ধুর সংখ্যা...
ফ্রেন্ডলিস্ট লম্বা হচ্ছে...
রিকোয়েস্টের পর রিকোয়েস্ট...
এ্যাকসেপ্ট এ্যাকসেপ্ট এ্যাকসেপ্ট...
চার হাজার... পাঁচ হাজার পেরোলো বন্ধুর সংখ্যা...
সংখ্যাটা কী দশ ডিজিটের হবে না একদিন!
বন্ধু চাই আরো বন্ধু...
আরো অনেক রিকোয়েস্ট জমা হয়েছে ইতিমধ্যে...
অনেক অনেক সুখী মন নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে মেয়েটি...
ফ্রেন্ডস ফেন্ডস ফ্রেন্ডস...
মেয়েটির বাবা বসে বসে দীর্ঘশ্বাস ফেলেন, ভাবেন, বন্ধুভাগ্য ভীষণ খারাপ তার! এ জীবনে একজন বন্ধুও পেলেন না তিনি! দু-দণ্ড যার কাছে বসবেন, মন খুলে বলবেন স্মৃতির ধূসর ভাঁজে লুকিয়ে রাখা গভীর বেদনার কথা!
মেয়ের বন্ধুভাগ্য ইর্ষান্বিত করে তাকে!
বাবা হয়ে মেয়েকে ইর্ষা করা কী ঠিক!
বোধহয় না! অতএব তিনি ইর্ষাকে জড়িয়ে নেন ভিন্ন মোড়কে!
ইর্ষান্বিত নয়, তিনি আসলে বিচলিত বোধ করেন!
বিচিত্রধর্মী এই বোধ শনির সুদৃশ্য বলয়ের মতো ঘিরে রাখে মেয়েটির বাবাকে।
সুপ্রশস্ত বিছানায় শুয়ে শুয়ে সিলিংয়ের শূন্যতায় ধরে রাখেন তিনি নিজের দৃষ্টি।
মেয়েটি বাবার দিকে তাকায় একনজর।
বন্ধুহীন বাবাকে নিয়ে মনটা একটু খারাপ হয় তার।
না, বাবা নেই মেয়েটির ফ্রেন্ডলিস্টে!
কী করে থাকবে! বাবার কোন ফেসবুক আইডি নেই যে!
ব্যাকডেটেড!
বাবা হাঁচি দেন হঠাৎ!
সিজন চেঞ্জ হচ্ছে!
বোধহয় ঠাণ্ডা লেগেছে!
‘বাবা এখুনি হাঁচি দিলেন, বোধহয় ঠাণ্ডা...’ মেয়েটি স্ট্যাটাস লিখলো।
সাথে সাথে এক হাজার লাইক, শ’ খানেক কমেন্টস!
মেয়েটির পছন্দ হলো না!
লাইক, কমেন্টসের সংখ্যা এতো কম হলে তো মুশকিল!
সোস্যাল ইরেসপন্সিবল মনে হচ্ছে কি নিজেকে!!
এ ব্যাপারে বাবার কী মত?
মেয়েটি ঘুরে তাকায় বাবার দিকে।
বাবা এবার দেয়ালের দিকে পাশ ফিরে শুলেন।
বাবার পিঠ!
বাবার পিঠ মেয়েটির সচকিত চোখে মুহূর্তের ভগ্নাংশের সত্য হিসেবে প্রতিভাসিত হয়ে মিলিয়ে গেল আবার অন্য সত্যে!
ঠিক সেই মুহূর্তে ভিন্ন দেশে পৃথিবী বিখ্যাত একজন আইটি ইন্টেলেকচ্যুয়াল গভীরভাবে ভাবছিলেন মানুষের পিঠ নিয়ে!
পিঠ মানে ব্যাক! ফেস এর এ্যন্টোনিমাস!
ফেসবুকের পরিবর্তে এবার একটা ব্যাকবুক চালু করলে কেমন হয়!
ইয়েস! ব্যাকবুক!!
ভাবতে ভাবতে তিনি ফোন তুলে নিলেন হাতে!
পৃথিবী বিখ্যাত একজন ক্যাপিটালিস্টের টেলিফোন বেজে উঠলো!
ক্রিং ক্রিং ক্রিং ক্রিং...
ছবি: সংগৃহীত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


