
বৃষ্টির আগে, কিংবা পরে আকাশে রংধনুর সৃষ্টি হয়; ইহা নিশ্চয়, বোন নিজের ছোট, অলস ভাইকে নিজের শ্বশুর বাড়ী আনার জন্য আকাশে সেতুর সৃষ্টি করেনি; আকাশে মেঘ হলে বজ্রপাত হয়; বজ্রপাতে মানুষের মৃত্যু ঘটতে পারে, গাছে আগুন লেগে যেতে পারে; কিন্তু ইহা কখনো শয়তানের প্রতি ইশ্বরের গোলাবর্ষণ নয়।
অলস ভাই, যে নিজের বিবাহিত বোনকে দেখতে যায় না, তার জন্য আকাশের গায়ে সাত রং'এর সেতু বানানো সম্ভব হলে, এটা হতো মানব জীবনের সবচেয়ে ভয়ানক সুখের বিষয়! কিন্তু প্রকৃতিতে তা ঘটার কোন সম্ভাবনা নেই; অলস ভাই রংধনুর সময়ও হয়তো ঘুমিয়ে থাকতো! রাতের বেলায় বৃষ্টির আগে বা পরে, কখনো রংধুনর সৃষ্টি হবে না। আর ইশ্বর যদি শয়তানের প্রতি বোমা বর্ষণ করতেন, শুধু মেঘলাদিনে বোমা বর্ষণ করতেন না, দুর্গাপুজার দিনও করতেন; এবং ইশ্বরের লক্ষ্যভ্রষ্ট হয়ে, উনার সৃষ্ট একজন, বা একাধিক মানব সন্তানের মৃত্যু হতো না।
অনেক মানুষ শিক্ষাদীক্ষা পাবার পরও সামাজিক কুসংস্কার, বা ধর্মীয় কারণে লজিকবিহীন ভাবনা ভাবেন, এতে অনেক জনগোষ্ঠী বরাবরই পেছনে পড়ে গেছেন, মানুষকে অকারণে কষ্ট পেতে হয়েছে; একই ধরণের সমস্যা বারবার ঘটলেও তার সমাধান খোঁজা হয়নি।
আমি ১ম শ্রেণীতে পড়ার সময়, গরমের দিনে, আমাদের দক্ষিণে ২ গ্রামের পরের গ্রামে কলেরার প্রাদুর্ভাব ঘটে; ভয়ংকর অবস্হা, মানুষের মৃত্যুর খবর আসছিলো প্রতিদিন। আমাদের দক্ষিণ গ্রামের প্রাইমারী স্কুল বন্ধ, আমাদের স্কুলেও অনেক ছাত্র অনুপস্হিত। এমনি একদিনে, ভর দুপুরে স্কুল ছুটির পর, আমরা দল বেঁধে মেঠো পথে বাড়ী ফিরছিলাম; মাঠের দক্ষিণ দিক থেকে এক অতি বয়স্কা বিধবা মহিলা অতি কষ্টে হেঁটে উত্তর দিকে কোথায়ও যাচ্ছিলেন; আমাদের সিনিয়রেরা সবাই ভয় পেয়ে থেমে গেলেন, এটা নাকি 'কলেরার বুড়ী'; এই বুড়ি যেই গ্রামে যাবে, সেখানে কলেরা দেখা দিবে।
সিনিয়রদের কয়েকজন লাঠিসোটা যোগাড় করতে মাঠের পুর্ব দিকে অবস্হিত পুকুরের দিকে ছুটলো, বাকীরা বয়স্কা মহিলাকে গালি দিয়ে বললো, যেদিক থেকে এসেছে, সেইদিকে চলে যেতে। মহিলা ভয় পেয়ে বসে পড়লেন। কিছুক্ষণ পর, আমি হেঁটে উনার দিকে রওয়ানা হলাম; সবাই চীৎকার দিয়ে আমাকে থামাতে লাগলো; আমি না থামাতে হতাশ হয়ে সবাই পুকুরের দিকে চলে গেলো। আমি মহিলার কাছে গিয়ে দাঁড়ালাম, আমার মনে হয়, উনাকে আগেও দেখছি; আমাদের উত্তরের গ্রামে সাহাদের বাড়ীর আত্মীয়। আমি উনাকে আমাদের ভয়ের কারণ বলাতে উনি নিজেই ভয় পেয়ে গেলেন। আমি উনাকে নিজের পথে চলে যেতে বলে, আমার সাথীদের কাছে ফিরে এলাম; ওরা আমার কাছ থেকে দুরে সরে যেতে লাগলো; আমি দেখলাম, গালি দেয়া ব্যতিত, করার আর কিছু নেই; আমি একা বাড়ীর দিকে রওয়ানা হলাম, আমার সাথীরা আমার থেকে বেশ দুরত্ব রেখে বাড়ী ফিরলো।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৯ রাত ১১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



