
গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের কাছে, কারণ তাদের ভবিষ্যৎ পেশা হচ্ছে রাজনীতি। আর রাজনীতি ভালো লাগবে যারা রাজনীতির বেনিফিসিয়ারি / সুবিধাভোগী। এছাড়া আর কারও কাছে রাজনীতি বা রাজনীতি নিয়ে এতো এতো লেখা ভালো লাগার কথা না। ঠিক তেমনই অতিরিক্ত প্রেমের কবিতা, প্রেমের গানও বিরক্তিকর। এইসকল বিষয় ব্লগে ছোট বাচ্চা টাইপ / টিন এজ থাকলে হয়তো পছন্দ করতো। আর একটি বিষয় না বললে লেখার সূচনা অপূর্ণ থেকে যাবে. আর তা হচ্ছে খুবই সস্তা নিম্নমানের ধর্মীয় লেখা।
বিভাগীয় পোস্ট: ব্লগে বিভাগ চালু করা দরকার। এতো এতো “প্রেমের গান, প্রেমের কবিতা, বিরহের গান, বিরহের কবিতা, রাজনীতি, ধর্ম, গল্প, প্রবন্ধ, ছবি ব্লগ, ভ্রমণ ব্লগ, চিঠিপত্র” নির্দিষ্ট বিভাগে প্রকাশিত হবে। যারা যা পড়তে চাইবেন নির্দিষ্ট বিভাগে গিয়ে পড়বেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন ইত্যাদি ইত্যাদি। ফ্রন্টপেজে শুধু আলোচিত পোস্ট থাকবে।
ভ্রমন ব্লগ: ব্লগে ভ্রমণ সংক্রান্ত লেখা আসে। লেখাগুলো খুবই দুর্বল। ভ্রমণে ভালো মন্দ দুটো দিক থাকার কথা, কিন্তু ব্লগে ভ্রমণ ব্লগ পড়ে আমার মনে হয়েছে ভ্রমণ হচ্ছে সরাসরি স্বর্গে চলে যাওয়ার মতো কিছু একটা হবে হয়তো। অথচ ভ্রমণ ব্লগ এমন হওয়ার কথা না। ভালোর সাথে ভ্রমণে কি কি সমস্যা হয়েছে তাও লেখা থাকার কথা। ভ্রমণের ছোট্ট কয়েকটি সমস্যা লিখছি - একবার টরেন্টো থেকে ঢাকা ফেরার পথে দুবাই বিমান বন্দরে নেমে দুই দিন এয়ারপোর্টে থেকেছি, দুবাই এয়ারপোর্ট রানওয়ে বৃষ্টিতে ডুবে গিয়েছিলো। একই বিষয় - ঢাকা থেকে মদিনা যাবো। ঢাকা বিমান বন্দরে এমিরেটস এয়ার ফ্লাইট ডিলে হওয়ার কারণে আমার দুবাই-মদিনা কানেক্টিং ফ্লাইট মিস হয়ে যায়। তারপরের ঘটনা গল্প। ভ্রমণে ব্রেক হলে কি পরিমাণ কষ্ট হতে পারে তা ব্লগে আসা উচিত। এমন গল্প অসংখ্য অসংখ্য। সমস্যা হচ্ছে ব্লগে - ভ্রমণ ব্লগ, ভারত ভ্রমন, ইয়োরোপ ভ্রমণ, হজ্জ ওমরাহ ব্লগ হতাশ হওয়ার মতো লেখা। আমার মনে আছে, একটি ভালো ভ্রমণ ব্লগ পড়েছি রোকসানা লেইস-এর। খুব সম্ভব তিনি জাপান ও চীনে ভ্রমণের কথা লিখেছিলেন। জাপান ও চীনে ওয়াশরুমের সমস্যা। জাপান ও চীন যারা ভ্রমণ করেননি তারা বুঝতেও পারবেন না, স্বর্গের দেশ জাপানে কি নরক অপেক্ষা করছে। সাউদি আরবে মক্কাহ ও মদিনাতে বিলো ক্যাটাগরির হোটেলগুলোতে গোসল করার ও ব্যবহারের পানি আগুন গরম হয়ে থাকে বিনা হিটারে। ওমরাহ ও হজ্জে মানুষ কি পরিমাণ নির্যাতিত হয় তা কল্পনাতীত। ভ্রমণ ব্লগ উন্নত হওয়া দরকার। যারা ভালো ভ্রমণ ব্লগ লিখবেন তাদের পুরস্কার দেওয়া হবে। বর্তমানে দেশে ব্লগে চাহিদা তৈরি হয়ে আছে যেই বিভাগে - তা হচ্ছে “ভ্রমণ ব্লগ”। চাহিদাসম্পন্ন লেখা আরও আছে, একটি বাস্তবায়ন হলে বাদবাকী প্রস্তাবনা নিয়ে লিখবো। তবে অবশ্যই কাজের বিনিময়ে খাদ্য প্রোগ্রাম হতে হবে। বিনা পারিশ্রমিকে পরামর্শের কোনো মূল্য নেই, কেউ মূল্য দেয়ও না।
ছবি ব্লগ: ব্লগে বাংলাদেশের ছবি ব্লগ খুবই প্রয়োজন। যাতে করে দেশের প্রতিটি জেলার দর্শনীয় স্থান, যাতায়াত ব্যবস্থা, বেড়ানোর সময়কাল, ভ্রমণ খরচ, হোটেল খরচ উল্লেখ করে বিস্তারিত লেখার প্রয়োজন। এই কাজটি হবে সরাসরি দেশের জন্য কাজ। এই কাজটির কাছাকাছি যিনি ছবি ব্লগ করেছেন তিনি - মরুভূমির জলদস্যু। আমি সামহোয়্যারইন ব্লগের দূর দূরান্ত পর্যন্ত কেউ নই। আমি যদি উক্ত ব্লগের অতি সামান্যতমও কেউ হতাম তাহলে মরুভূমির জলদস্যু’কে ব্লগের পক্ষ হতে সুভিনিয়র ও পুরস্কার দিতে চাইতাম।
সামহোয়্যারইন ব্লগ সুভিনিয়র: ২০১৯ সনে সামহোয়্যারইন ব্লগ দিবস অনুষ্ঠানে একটি চিনামাটির মগ সুভিনিয়র করেছিলো। আর একটি বই প্রকাশিত হয়েছিলো, যাতে তেমন কোনো ভালো লেখা প্রকাশিত হয়নি, কারণ কি? - ব্লগ কর্তৃপক্ষ ভালো জানার কথা। ব্লগ এডমিন ব্লগ কর্তৃপক্ষের কাছে প্রস্তাবটি কেমন অনুভূত হবে আমার জানা নেই। সামহোয়্যরাইন ব্লগের মনোগ্রাম ও নাম সম্বলিত সুভিনিয়র / উপহার সামগ্রী (চিনামাটির ও কাঁচের মগ) থাকা জরুরী। যারা ভালো লিখেন তারা এই সুভিনিয়র পাবেন। যারা ভালো লিখতে পারেন না - যেমন আমি নিজে, আহমেদ জী এস সাহেব, ড: এম এ আলী সাহেব, চাঁদগাজী সাহেব, খায়রুল আহসান সাহেব, আর কেউ বৃদ্ধ মানুষ আছেন কিনা? আমরা না হয় ১০০ টাকা ডোনেশান করে সেই সুভিনিয়র কালেকশান করে নিবো। এমনকি ব্লগের সকল লেখক ডোনেশান করে সেই সুভিনিয়র কালেকশান করবেন বলে আমার ধারণা। বিক্রয়ের জন্য ব্যবসা হলেও মন্দ হবে না। কিন্তু সামহোয়্যারইন ব্লগের সুভিনিয়র থাকা অবশ্যই অবশ্যই বাঞ্ছনীয়। আমরা এতো এতো বছর কোথায় লিখেছি তার মূল্যায়ন হওয়া উচিত। বাদবাকী ব্লগ কর্তৃপক্ষ যা ভালো মনে করেন।
শেষ কথা: আমি কিছু প্রস্তাবনা দিয়েছি, জরুরী নয় আমার প্রস্তাবনা ব্লগ কর্তৃপক্ষের মেনে নিতে হবে। তবে আমি চাই ব্লগ কর্তৃপক্ষ আমার প্রস্তাবনা বিবেচনা করুক। লেখকদের মূল্যয়ন হওয়া জরুরী। আমি ব্যবসায়ী মানুষ, ব্লগের মান উন্নয়নে ভালো পরামর্শ দিতে পারবো বলে আমি বিশ্বাস করি। আশা করি ব্লগ লাভবানই হবে। সবাইকে ধন্যবাদ।
বিশেষ ধন্যবাদ:
কাল্পনিক ভালোবাসা
জনাবা, সৈয়দা গুলশান ফেরদৌস জানা
জনাব, আরিল্ড ক্লোক্কেরহৌগ
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




