
সম্প্রতি আমার চোখের সমস্যা ও বয়স নিয়ে কিছু হাউকাউ কথা শুনতে হচ্ছে; আমার বয়স আমার কাছে কখনো সমস্যা বলে মনে হয়নি, সেটা নিয়ে একটা ছোট ঘটনা।
একটু দুরে যেতে হবে, সেজন্য একটু শক্তশালী গাড়ী দরকার; সন্ধ্যার একটু আগে, একটা পিকআপ ট্রাক ভাড়া করে নিয়ে এলাম, ভোরে রওয়ানা দেবো। পিকআপটা বেশ লম্বা, আধা ঘন্টা ঘুরেও ইহার জন্য বাসার আশেপাশে কোন পার্কিং পেলাম না। একটা পার্কিং আছে, আমাদের রাস্তাটা যেখানে পার্কওয়ের (বড় রাস্তা) সাথে মিলেছে সেখানে, একটা বড় গাছের নীচে। এলাকার লোকজন এই গাছের নীচে গাড়ী রাখে না, গাছে রাতে চড়ুই পাখীর মতো এক ধরণের পাখী রাত কাটায়, গাড়ীর উপর পায়খানা করে ভরায়ে ফেলে; না ধুয়ে গাড়ী চালানো যায় না। যারা জানেন, তারা সেখানে পার্কিং করেন না।
উপায় নেই, পিকআপ'এর দৈঘ্যের কারণে এটাই একমাত্র পার্কিং বাকী আছে; রাখলাম; পাখীরা এখনো আসেনি, আমি কিছুক্ষণ গাড়ীতে অপেক্ষা করে বাসায় গেলাম; চা খেয়ে গাড়ীর দেখার জন্য জন্য বের হলাম; রাস্তা থেকে ২ টুকরা পাথর নিলাম হাতে, পাখীদের তাড়িয়ে দেবো।
মোটামুটি অন্ধাকার হয়ে গেছে, পাখীরা ফিরেছে; ভীষনভাবে কিচিরমিচির করছে, ঘুমানোর আগে শেষ আলোচনা চলছে! আমি রাস্তার পাশে গিয়ে কোণাকুনি অবস্হান নিলাম, যাতে পাথর ছুঁড়লে উহা পার্কওয়ের উপর পড়ে, গাড়ীতে না পড়ে; পার্কওয়েতে এখনো গাড়ী চলছে, একটু পরেই রেড-সিগন্যাল পড়লেই এদিকে গাড়ী থাকবে না; পার্কওয়ের ফুটপাথে লোকজন নেই, আমার আশেপাশেও কেহ নেই। গাড়ী চলাচল বন্ধ হয়েছে, দুরে রেড লাইট।
আমি গাছের আগডাল বরাবর পাথর ছুড়লাম, ডালে না লাগলে পাথরটি পার্কওয়ের উপর পড়বে। কাজ হয়েছে, পাখায় ভীষণ আওয়াজ তুলে, বিপুল পরিমাণ পাখী কিচির মিচির করে একসাথে উড়ে চলে গেলো। আমি হাসলাম, যাও অন্য কোন যায়গায় আজ রাতে থাকগে। এমন সময়, আমার গাড়ীর পাশে পার্ককরা একটা জীপের দরজা খুলে গেলো, একটা ২২/২৩ বছরের মেয়ে বেরিয়ে এলো; আমি অন্ধকারে খেয়াল করিনি যে, জীপের ভেতর মানুষ আছে; আমি সামান্য অপ্রস্তুত হয়ে গেলাম।
-হ্যালো, আমি বললাম।
সে হ্যালোর উত্তর দিয়ে, আমাকে প্রশ্ন করলো,
-তুমি কি পাখীদের লক্ষ্য করে পাথর ছুড়েছ?
-না,আমি ঠিক পাখীদের লক্ষ্য করে পাথর ছুঁড়িনি, আমি গাছে পাথর ছুড়েছি। তুমি আমাকে এই ধরণের প্রশ্ন করছো কেন?
-কারণ আমি দেখেছি যে, তুমি পাখীদের প্রতি পাথর ছুঁড়ে মেরেছ! আমার জীবনে তোমার মত বয়স্ক লোককে রাতে পাখীর দিকে পাথর ছুড়তে দেখিনি!
-তোমার জীবন সামনে পড়ে আছে এখনো, দেখার সময় হবে; তবে, আজ রাতে তোমার জীপে পাখি পায়খানা করবে না।
-সেটা দেখার বিষয়; মানুষের বয়স বাড়লে সব মানুষই কি এসব ফানি কাজ করে বেড়ায়?
-ইহা সামান্য ফানি, সাথে আছে অভিজ্ঞতা!
-আমার মনে হয়, পাখীদের জন্য এটা ছিলো এক ভয়ংকর অভিজ্ঞতা।
-এখানে আগে কখনো গাড়ী পার্ক করেছিলা রাতে?
-না, আমি ৪/৫ ব্লক দুরে থাকি।
-এখানে কয়েকদিন গাড়ী রাখলে, তুমিও পাথর মারার শুরু করবে, বুদ্ধি বেড়ে যাবে।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০২১ সকাল ১১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



